যশোরবাসীর দীর্ঘদিনের দাবির পর ঢাকা-যশোর রুটে আবারও ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে সপ্তাহে তিন দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এয়ারলাইন্সটি।
শনিবার, বুধবার ও বৃহস্পতিবার– এই তিন দিন ঢাকা-যশোর রুটে প্রতিদিন দুটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করা হবে। এ জন্য ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করবে ইউএস-বাংলা।
এয়ারলাইন্সটির নতুন সময়সূচি অনুযায়ী, নির্ধারিত দিনগুলোতে প্রথম ফ্লাইট সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। পরে সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে সকাল ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
দ্বিতীয় ফ্লাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে। সন্ধ্যা ৬টায় যশোর থেকে ছেড়ে সেটি ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।
ঢাকা-যশোর রুটে ইউএস-বাংলার সর্বনিম্ন একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৪৯ টাকা। আর যাওয়া-আসার সর্বনিম্ন ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা। এসব ভাড়ার মধ্যে প্রযোজ্য ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে।
২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়েছিল। এরপর দেশের অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বিমান যোগাযোগ সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি।
বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এবার যশোর রুটে আবারও ফ্লাইট চালুর মাধ্যমে অভ্যন্তরীণ আকাশপথে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
ইউএস-বাংলা জানিয়েছে, বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের বিমান ভ্রমণের চাহিদা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও পর্যটনের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এ রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এ রুটে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।
ফ্লাইটের বুকিং, সময়সূচি ও ভাড়া সংক্রান্ত তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
সময়ের আলো/ইউএমএইচ