প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতপ্রাণিসম্পদ খাতের উন্নয়ন, ব্যবস্থাপনা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ অর্জন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। ‘প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন’ ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি স্বর্ণপদক পেয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের হাতে এ পদক তুলে দেন।
বিএলআরআই দীর্ঘদিন ধরে দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা এবং উন্নত জাত উদ্ভাবনে গবেষণা চালিয়ে আসছে। পাশাপাশি পরিবেশবান্ধব ও জলবায়ুসহিষ্ণু প্রযুক্তি উদ্ভাবনেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
ইনস্টিটিউটটির উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও গবেষণালব্ধ ফলাফল দেশের খামারি, উদ্যোক্তা এবং সামগ্রিক প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ভূমিকা রাখছে।
বিএলআরআইয়ের তথ্য ও জনসংযোগ শাখা জানায়, এ স্বর্ণপদক প্রতিষ্ঠানের বিজ্ঞানী, গবেষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি। একই সঙ্গে এটি দেশের প্রাণিসম্পদ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে প্রতিষ্ঠানটির ভূমিকারও স্বীকৃতি।
এ অর্জন বিএলআরআইয়ের ভবিষ্যৎ গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নতুন উদ্দীপনা জোগাবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
সময়ের আলো/এসএকে