কৃষি থেকে প্রযুক্তির দুনিয়ায় আট উদ্যোক্তার স্বপ্ন বুনন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

কেউ ব্যাংকিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গড়ে তুলেছেন কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। কেউ কৃষকের হাতে তুলে দিচ্ছেন প্রযুক্তিনির্ভর মাটির স্বাস্থ্য পরীক্ষার যন্ত্র।

2026-11-23T04:05:51+00:00
2026-11-23T04:05:51+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিবিধ
কৃষি থেকে প্রযুক্তির দুনিয়ায় আট উদ্যোক্তার স্বপ্ন বুনন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:০৫ এএম 
ছবি : সংগৃহীত
কেউ ব্যাংকিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গড়ে তুলেছেন কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। কেউ কৃষকের হাতে তুলে দিচ্ছেন প্রযুক্তিনির্ভর মাটির স্বাস্থ্য পরীক্ষার যন্ত্র। কেউ আবার ফেলে দেওয়া প্লাস্টিককে পরিণত করছেন শিল্পের কাঁচামালে। পোশাক, চামড়াজাত পণ্য, হস্তশিল্প কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সেবা— উদ্যোক্তাদের হাত ধরে তৈরি হচ্ছে সম্ভাবনার নানা নতুন ক্ষেত্র। তাদের কারও উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় কৃষক ও শ্রমিকের কর্মসংস্থান, কারও উদ্যোগে তৈরি হচ্ছে নতুন বাজার, আবার কেউ প্রযুক্তির মাধ্যমে বদলে দিতে চাইছেন প্রচলিত ব্যবসার ধরন।

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) এমন আটটি সম্ভাবনাময় উদ্যোগকে গতকাল স্বীকৃতি দিয়েছে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার। ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আট উদ্যোক্তার হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের উদ্যোগের দিকে তাকালে দেখা যায়, দেশের এসএমই খাত এখন শুধু প্রচলিত উৎপাদন ও ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নেই। কৃষিভিত্তিক শিল্পায়ন থেকে শুরু করে পরিবেশবান্ধব উৎপাদন, প্রযুক্তিনির্ভর সেবা এবং সৃজনশীল পণ্য— বিভিন্ন ক্ষেত্রেই নিজেদের অবস্থান তৈরি করছেন উদ্যোক্তারা।

ব্যাংকার থেকে কৃষিভিত্তিক শিল্পোদ্যোক্তা : পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ) হয়েছেন সৈয়দ আমিনুল কবির। তার প্রতিষ্ঠান স্টার এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ। একসময় আন্তর্জাতিক ব্যাংকিং ও বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকলেও এখন তার উদ্যোগের কেন্দ্রবিন্দু দেশের কৃষিপণ্য।

এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কাজ করার পর তিনি আইসিআইসিআই ব্যাংক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন আন্তর্জাতিক ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য ও অর্থায়নে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেড। এরপর উৎপাদনমুখী শিল্পে যুক্ত হওয়ার আগ্রহ থেকে ২০২০ সালে শুরু করেন স্টার এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজের যাত্রা।

মৌলভীবাজার বিসিক শিল্পনগরীতে নিজস্ব জমিতে প্রতিষ্ঠিত এ কারখানায় স্থানীয় কৃষকদের কাছ থেকে আদা ও রসুন সংগ্রহ করে সেগুলো প্রক্রিয়াজাত করা হয়। আদা, রসুন ও পেঁয়াজের গুঁড়া উৎপাদনের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের মসলার গুঁড়া, আচার, টমেটোর পেস্ট ও নারকেল তেল।

প্রতিষ্ঠানটির উদ্যোগের বিশেষ দিক হলো স্থানীয় কৃষিপণ্যকে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা। এতে কৃষকের জন্য প্রাতিষ্ঠানিক বাজার তৈরির পাশাপাশি দেশীয় কাঁচামালের ব্যবহার বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমানোর সম্ভাবনা তৈরি হচ্ছে।

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি অর্জন করেছে আইএসও ২২০০০:২০১৮ সনদ। নির্দিষ্ট পণ্যের জন্য রয়েছে বিএসটিআই সনদও। কারখানাটিতে প্রায় ৫৫ থেকে ৭০ জন শ্রমিক-কর্মচারী কাজ করেন। এর বাইরে কৃষক, সরবরাহকারী ও পরিবহনকর্মীসহ আরও অনেক মানুষের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত রয়েছে প্রতিষ্ঠানটি।

জুতা ও চামড়াপণ্যে দেশীয় উদ্যোগ : বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ) নির্বাচিত হয়েছেন এস এম ফারুক হাসান। তার প্রতিষ্ঠান স্টাইলিশ ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস। বিভিন্ন ধরনের জুতা ও চামড়াজাত পণ্য তৈরি করে প্রতিষ্ঠানটি। দেশীয় উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে এ ধরনের পণ্যের বাজারে নিজেদের অবস্থান তৈরি করাই প্রতিষ্ঠানটির ব্যবসার মূল ক্ষেত্র।

দেশে জুতা ও চামড়াজাত পণ্যের চাহিদার বিপরীতে স্থানীয় উৎপাদন শিল্পের বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাঝারি শিল্পের উদ্যোক্তা হিসেবে তার এ স্বীকৃতি চামড়াপণ্য খাতের সম্ভাবনাকেও সামনে এনেছে।


পোশাকে ঐতিহ্য ও বৈচিত্র্য : নারী উদ্যোক্তাদের মধ্যেও উঠে এসেছে ভিন্নধর্মী উদ্যোগের গল্প। বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী) হয়েছেন হানিয়াম মারিয়া চৌধুরী। তার প্রতিষ্ঠান তাহুর স্টুডিও। আবায়া, হিজাব, কাফতান, নামাজের পোশাকের পাশাপাশি শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও করপোরেট ইউনিফর্ম তৈরি করে প্রতিষ্ঠানটি।

পোশাকের বাজারে একদিকে যেমন ব্যক্তিগত পছন্দ ও ফ্যাশনের বৈচিত্র্য বাড়ছে, অন্যদিকে করপোরেট প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট পোশাকের চাহিদাও রয়েছে। তাহুর স্টুডিওর পণ্যের বৈচিত্র্যে এসব বাজারের প্রতিফলন দেখা যায়।

অন্যদিকে বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী) হয়েছেন ফারজানা ইসলাম। তার প্রতিষ্ঠান ক্রাফটিমেশন। বাঁশ ও পাটের হস্তশিল্প, কাঠ ও ধাতুর মিনিয়েচার, রিকশাচিত্রে সজ্জিত পণ্য এবং রেজিন আর্টের মতো সৃজনশীল পণ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

দেশীয় উপকরণ ও শিল্পরুচির সমন্বয়ে তৈরি এসব পণ্য ক্ষুদ্র উদ্যোক্তাদের সৃজনশীলতার পরিচয় বহন করে। বিশেষ করে বাঁশ, পাট ও রিকশাচিত্রের মতো উপকরণ ও নকশার ব্যবহার স্থানীয় শিল্প ঐতিহ্যকে নতুন পণ্যে রূপ দেওয়ার সুযোগ তৈরি করছে।

কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার : কৃষির সঙ্গে প্রযুক্তির সংযোগ ঘটিয়ে নতুন সম্ভাবনা তৈরি করছে বর্ষসেরা স্টার্টআপ হিসেবে নির্বাচিত অঙ্কুর এআই। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মাশরুর হোসাইন। ইন্টারনেট অব থিংস (আইওটি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিগ ডেটা বিশ্লেষণ ব্যবহার করে কৃষকদের মাটি, আবহাওয়া ও ফসল সম্পর্কে তথ্যভিত্তিক পরামর্শ দেয় প্রতিষ্ঠানটি।

তাদের উদ্ভাবিত ‘পরখ’ যন্ত্রের মাধ্যমে দ্রুত মাটি পরীক্ষা করা যায়। পাশাপাশি সৌরশক্তিচালিত ‘অ্যালবাট্রস ওয়েদার পড’ নামে রয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্র।

কৃষিনির্ভর বাংলাদেশের জন্য এ ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করতে পারে। মাটির অবস্থা, আবহাওয়া ও ফসলের তথ্য বিশ্লেষণ করে কৃষকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা দেওয়ার মাধ্যমে কৃষি উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সুযোগ রয়েছে।

বর্জ্য প্লাস্টিক থেকে শিল্পের কাঁচামাল : পরিবেশবান্ধব শিল্পের উদাহরণ তৈরি করেছে বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস বিভাগে পুরস্কার পাওয়া পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হামিদ হাসান।

ব্যবহৃত প্লাস্টিকের বোতল পুনঃপ্রক্রিয়াজাত করে প্রতিষ্ঠানটি তৈরি করে রিসাইকেলড পলিইথিলিন টেরেফথ্যালেট (আরপিইটি)। অর্থাৎ ফেলে দেওয়া প্লাস্টিককে আবার শিল্পের কাঁচামালে রূপান্তর করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য ইউরোপে রফতানি হয় এবং সেখানে বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। পরিবেশের জন্য ক্ষতিকর বর্জ্যকে উৎপাদন উপকরণে পরিণত করার এ উদ্যোগ একদিকে যেমন পুনর্ব্যবহারযোগ্য শিল্পের সম্ভাবনা তুলে ধরে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের এসএমই প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগও দেখায়।

প্রযুক্তিনির্ভর সেবায় নতুন সম্ভাবনা : প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা বিভাগে পুরস্কার পেয়েছেন মো. মুসনাদ-ই-আহমদ। তার প্রতিষ্ঠান স্কাইটেক সলিউশনস। বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিকস ও অটোমেশনসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

বর্তমান বিশ্বে ব্যবসা পরিচালনা, তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এ ধরনের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের এসএমই খাতকে প্রচলিত পণ্য উৎপাদনের বাইরে নতুন একটি সম্ভাবনাময় ক্ষেত্রের সঙ্গে যুক্ত করছে।

অন্যদিকে বিশেষ উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন তৃতীয় লিঙ্গের মো. ছিদ্দিক ভূঁইয়া সিনথিয়া। তার প্রতিষ্ঠান সিনথিয়া ফ্যাশন বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে। উদ্যোক্তা হিসেবে তার এ স্বীকৃতি দেশের ক্ষুদ্র শিল্পে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের বিষয়টিকেও সামনে এনেছে।

সম্ভাবনার বড় ক্ষেত্র এসএমই : আট উদ্যোক্তার উদ্যোগের ধরন আলাদা হলেও তাদের সাফল্যের গল্পে একটি জায়গায় মিল রয়েছে। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরির চেষ্টা করছেন। কেউ স্থানীয় কৃষিপণ্যকে শিল্পের কাঁচামালে রূপ দিচ্ছেন, কেউ প্রযুক্তি দিয়ে কৃষিকে এগিয়ে নিতে চাইছেন, কেউ আবার পরিবেশবান্ধব উৎপাদন কিংবা সৃজনশীল পণ্যের মাধ্যমে বাজার সম্প্রসারণ করছেন।

এসএমই খাতের এ সম্ভাবনাকে সামনে রেখে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। এবারের প্রতিপাদ্য ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’। দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের পরিচিতি বাড়ানো, সরাসরি বিক্রির সুযোগ তৈরি এবং নতুন বাজার অনুসন্ধানে উদ্যোক্তাদের সহায়তা করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকদের তথ্য অনুযায়ী সাত দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি অংশ নিচ্ছেন ৩৮০ জন উদ্যোক্তা।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   কৃষি  প্রযুক্তি  উদ্যোক্তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: