ছবি : সময়ের আলোরাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) দ্বিতীয় দিনের মতো চলছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো (বাইট) ২০২৬’। দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন গন্তব্য, ভ্রমণপণ্য ও সেবা সম্পর্কে জানতে মেলায় ভিড় করছেন ভ্রমণপ্রেমীরা।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের ভিড় দেখা যায়। দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের প্রসার, তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা এবং পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ এক্সপোর আয়োজন করেছে ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব)। এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের জাতীয় দৈনিক সময়ের আলো।
মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন গন্তব্য, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল-রিসোর্ট এবং পর্যটন প্রযুক্তি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দর্শনার্থীরা এক জায়গায় বিভিন্ন ভ্রমণপণ্য ও সেবা সম্পর্কে জানার পাশাপাশি ভ্রমণ পরিকল্পনা এবং সরাসরি সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন।
এক্সপোর দ্বিতীয় দিনে পর্যটন খাতের ব্যবসায়িক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এদিন রয়েছে ট্যুরিজম বিজনেস নেটওয়ার্কিং, পর্যটন গন্তব্য ও ভ্রমণপণ্যের প্রদর্শনী এবং দর্শনার্থীদের অংশগ্রহণমূলক বিভিন্ন আয়োজন।
আয়োজকেরা জানান, এবারের এক্সপোতে রয়েছে ৫৮টি বিশেষায়িত স্টল। সাগর, হাওর, পাহাড়, লেক ও গ্রামীণ ইকো ট্যুরিজম নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ সেবা ও সম্ভাবনা তুলে ধরছে এসব স্টলে।
ইটাব সভাপতি মো. ইমরানুল আলম বলেন, দেশের অভ্যন্তরীণ পর্যটন গন্তব্যগুলোকে কেন্দ্র করে বড় পরিসরে এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে পর্যটন খাতের উদ্যোক্তা, সরকার, প্রশাসন ও পর্যটকদের মধ্যে সেতুবন্ধ তৈরি হবে বলে আশা করেন তিনি। পাশাপাশি বিভিন্ন পর্যটন গন্তব্যের যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সমস্যাগুলোও তুলে ধরার সুযোগ তৈরি হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় এক্সপোর উদ্বোধন করা হয়। প্রথম দিনে ট্যুরিজম ক্যারিয়ার সামিট, ট্যুরিজম ইনফ্লুয়েন্সার মিটআপসহ বিভিন্ন আয়োজন ছিল।
শনিবার (২১ নভেম্বর) শেষ দিনে প্রদর্শনী ও মেলার পাশাপাশি প্রদর্শকদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ, অংশীদারদের অভিজ্ঞতা বিনিময় ও সম্মাননা প্রদান এবং গ্র্যান্ড র্যাফল ড্র অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ আয়োজন।
সময়ের আলো/জেডি