ছবি : সংগৃহীতসড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে জাতিসংঘ ঘোষিত বিশ্ব দিবস ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্র্যান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উপলক্ষে গোলটেবিল সভা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান-২-এ ডিএনসিসির নগর ভবনের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি সহায়তায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।
বিআইজিআরএসের ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মামুনুর রহমান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক, গুলশান জোন) মো. জিয়াউর রহমান এবং ব্র্যাকের রোড সেফটি প্রকল্পের (জিআরএসপি) টিম লিডার খালিদ মাহমুদ। দিবসের প্রতিপাদ্য তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা শহরের অনেক ফুটপাত দখল ও বেদখল হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় ডিএনসিসি এসব ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচল নিরাপদ করার উদ্যোগ নিয়েছে। কেউ যাতে অবৈধভাবে ফুটপাত দখল করে পথচারীদের ঝুঁকিতে ফেলতে না পারে, সে জন্য গণমাধ্যমসহ নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, শিশু, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য নিরাপদ সড়ক গড়ে তুলতে ডিএনসিসি সামর্থ্য অনুযায়ী কাজ করছে।
ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম বলেন, ঢাকা উত্তরের ঝুঁকিপূর্ণ সড়ক ও মোড়গুলো নিরাপদ করার পাশাপাশি জেব্রা ক্রসিং আঁকা এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে কাজ করছে ডিএনসিসি। সড়কে নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালাতে উৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।
বিআইজিআরএসের ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর মো. আবদুল ওয়াদুদ বৈশ্বিক সড়ক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি চালকদের ট্রাফিক আইন মেনে চলা, ব্যস্ত সড়কে অতিরিক্ত গতি পরিহার, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা এবং যানবাহনের মধ্যে প্রতিযোগিতা এড়িয়ে নিরাপদে গাড়ি চালানোর আহ্বান জানান।
ডিটিসিএর সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মো. মামুনুর রহমান বলেন, মানুষের দুর্ভোগ কমাতে ঢাকায় পথচারীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি নীতিমালার খসড়া তৈরি করছে ডিটিসিএ। সড়ক নিরাপত্তায় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে সক্রিয় করার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক, গুলশান) মো. জিয়াউর রহমান বলেন, সড়ক নিরাপত্তায় ডিএমপি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল পর্যবেক্ষণে এআই ক্যামেরা বসানো হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ৩০০ ফুট সড়কে গতিসীমা লঙ্ঘনের দায়ে জরিমানা করায় চালকদের মধ্যে নির্ধারিত গতি মেনে চলার প্রবণতা বেড়েছে।
ব্র্যাকের রোড সেফটি প্রকল্পের টিম লিডার খালিদ মাহমুদ বলেন, সড়ক নিরাপদ করতে বিশ্বজুড়ে ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ গ্রহণ করা হচ্ছে। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সরকারও এ পদ্ধতি গ্রহণের অঙ্গীকার করেছে। এ জন্য দ্রুত একটি আইন প্রণয়ন করা প্রয়োজন।
প্রবন্ধ উপস্থাপনকালে আমিনুল ইসলাম সুজন বলেন, সড়কে হতাহত ব্যক্তিদের স্মরণে পালিত এ দিবসের মূল উদ্দেশ্য হলো নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো, তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং সহানুভূতিশীল ও সচেতন সমাজ গড়ে তোলা। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভায় সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। ২০২৪ সালের ৯ অক্টোবর রাজধানীর বাড্ডায় সুবাস্তু টাওয়ারের কাছে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির দুটি বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে তার মেয়ে বাসচাপায় নিহত হয় বলে জানান অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম সাইফুল ইসলাম। তিনি বলেন, এভাবে আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। এ জন্য সড়কে আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানান তিনি।
সড়ক দুর্ঘটনায় ছোট ভাইকে হারানোর অভিজ্ঞতা তুলে ধরে স্টেপসের নির্বাহী পরিচালক চন্দন লাহিড়ী সড়ক নিরাপত্তায় প্রণীত খসড়া আইন দ্রুত পাস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত বড় বোনের দুর্বিষহ জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন কেএনকেএসের নির্বাহী পরিচালক অরিন্দম দেবনাথ। তিনি জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তার বোনের জীবন স্থবির হয়ে পড়ে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণের নির্দেশিকা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) মহাসচিব লিটন এরশাদ, রোড সেফটি ফাউন্ডেশনের নাসির উদ্দিন শেখ, ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী শারমীন রহমান, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি)-এর প্রোগ্রাম ম্যানেজার (সড়ক নিরাপত্তা) কাজী বোরহান উদ্দিন, সিয়াম সংস্থার নির্বাহী পরিচালক ও হাইকোর্টের আইনজীবী মাসুম বিল্লাহ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রকল্প পরিচালক মো. বজলুর রহমান, ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আক্তার এবং মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) সিনিয়র প্রজেক্ট অ্যান্ড কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান।
সভায় আরক ফাউন্ডেশন, সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ), প্রজ্ঞা, সেতু সংস্থা, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, বিআইজিআরএসসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে