বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব। সংগৃহীত ছবি এশিয়া মার্কেটিং ফেডারেশনের (এএমএফ) সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব। সিঙ্গাপুরের ওয়ান ফেরার হোটেলে অনুষ্ঠিত ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় মার্কেটিং সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
একই সভায় রজার ওয়াং এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রেসিডেন্ট এবং ড. ড্যান ভিসিতচাইচান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। নবনির্বাচিত নেতৃত্ব সদস্য দেশগুলোতে মার্কেটিংয়ের উৎকর্ষ বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং নতুন চিন্তা ও উদ্ভাবনের বিকাশে ফেডারেশনের কার্যক্রম এগিয়ে নেবেন।
সাজিদ মাহবুবের এ অর্জন বাংলাদেশের মার্কেটিং অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এর মধ্য দিয়ে এশিয়ার শীর্ষস্থানীয় মার্কেটিং সংগঠনের জ্যেষ্ঠ নেতৃত্বে জায়গা করে নিলেন একজন বাংলাদেশি পেশাজীবী।
বর্তমানে সাজিদ মাহবুব এশিয়া মার্কেটিং ফেডারেশনের চিফ মার্কেটিং অ্যান্ড ডিজিটাল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ দায়িত্বে থেকে তিনি ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে ফেডারেশনের ১৭টি সদস্য দেশের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও যৌথ উদ্যোগের কাঠামো নতুনভাবে গড়ে তুলতে ভূমিকা রেখেছেন। প্রযুক্তি, তরুণদের অংশগ্রহণ এবং টেকসই উন্নয়নের ধারণাকে সমন্বিত করে এশিয়াজুড়ে বিভিন্ন উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন তিনি। এসব উদ্যোগ আঞ্চলিক মার্কেটিং ভাবনার কেন্দ্র হিসেবে এএমএফের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সাজিদ মাহবুব বলেন, এশিয়া মার্কেটিং ফেডারেশনের সদস্য সংগঠনগুলো আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি গভীরভাবে সম্মানিত। এশিয়াতেই মার্কেটিংয়ের ভবিষ্যৎ রচিত হচ্ছে। আমাদের বাজার, মেধা ও ভাবনাকে একসূত্রে যুক্ত করতে এএমএফের অনন্য ভূমিকা রয়েছে। প্রেসিডেন্ট রজার ওয়াং এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ড. ড্যান ভিসিতচাইচানের সঙ্গে আমি আরও সংযুক্ত, ডিজিটাল এবং উদ্দেশ্যনির্ভর একটি ফেডারেশন গড়ে তুলতে চাই, যা পুরো অঞ্চলে প্রবৃদ্ধি ও কল্যাণের শক্তি হিসেবে মার্কেটিংকে এগিয়ে নেবে। এই স্বীকৃতি আমার একার নয়। এটি সমানভাবে বাংলাদেশের মার্কেটিং কমিউনিটির।
সাজিদ মাহবুব একজন মার্কেটিং ও ব্র্যান্ড রূপান্তর বিশেষজ্ঞ। সরকারি, বেসরকারি ও উন্নয়ন খাতে প্রায় দুই দশকের কৌশলগত নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তার। এএমএফের নতুন দায়িত্বের পাশাপাশি তিনি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছেন। একই সঙ্গে এশিয়া মার্কেটিং ফেডারেশনের চিফ মার্কেটিং অ্যান্ড ডিজিটাল অফিসারের দায়িত্বও পালন করছেন।
এ ছাড়া তার অন্যান্য প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের (আইএএ) গ্লোবাল বোর্ড মেম্বার, কান লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ক্রিয়েটিভিটির বাংলাদেশ প্রতিনিধি এবং ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিল ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি।
দেশের শীর্ষস্থানীয় ইন্ডাস্ট্রি থিংক ট্যাংক বাংলাদেশ ব্র্যান্ড ফোরামে তিনি কমিউনিকেশন স্ট্র্যাটেজি, ব্র্যান্ড কনসালটেন্সি, সাসটেইনেবিলিটি, ইনোভেশন ও তরুণদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি সাসটেইনেবিলিটি সামিট, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস, বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডস, রিটেইল কংগ্রেস, ইনোভেশন সামিট এবং কমিউনিকেশন অ্যাওয়ার্ডস অ্যান্ড লিডারশিপ সামিটের মতো গুরুত্বপূর্ণ আয়োজন এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন।
মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি হিসেবেও তিনি বিভিন্ন ফ্ল্যাগশিপ সামিট, জাতীয় পর্যায়ের স্বীকৃতি কার্যক্রম এবং ভবিষ্যৎ প্রজন্মের মার্কেটিং নেতৃত্ব তৈরির প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন।
উদ্দেশ্যনির্ভর মার্কেটিং, তরুণদের অংশগ্রহণ এবং পরিবর্তনশীল ব্র্যান্ড প্রেক্ষাপট নিয়ে সাজিদ মাহবুব থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও নেপালসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফোরামে নিয়মিত কিনোট বক্তব্য দিয়ে থাকেন। দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকগুলোতেও তিনি নিয়মিত কলাম লেখেন।
এ ছাড়া তিনি বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্টের (ব্যানক্যাট) সম্মানিত ট্রাস্টি বোর্ড সদস্য এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের সম্মানিত অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে যুক্ত রয়েছেন।
এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ) এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় মার্কেটিং সংগঠনগুলোর শীর্ষ সংস্থা। মার্কেটিংয়ের উৎকর্ষ বৃদ্ধি, পেশাগত দক্ষতার উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে সংস্থাটি এশিয়ার বিভিন্ন দেশের সদস্য সংগঠনগুলোকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করে কাজ করে।
সময়ের আলো/ইউএমএইচ