বিশ্বের বিভিন্ন দেশে পুরুষ দিবস পালিত হয়। ছবি : সংগৃহীত আগামীকাল বিশ্ব পুরুষ দিবস। প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়। বাবা, ভাই, বন্ধু, সহকর্মী, স্বামী কিংবা প্রেমিক- জীবনের কাছের পুরুষদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর দিন এটি। এ বছর বিশ্ব পুরুষ দিবসের প্রতিপাদ্য ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’। অর্থাৎ, ‘ভবিষ্যৎ সবার’।
১৯৯৯ সালের ১৯ নভেম্বর ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথমবারের মতো বিশ্ব পুরুষ দিবস পালিত হয়। ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিরোম টিলাকসিংয়ের উদ্যোগে দিবসটির যাত্রা শুরু হয়।
তবে পুরুষ দিবস পালনের ধারণা আরও পুরোনো। ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক টাইমসের একটি নিবন্ধে ২৩ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে পালনের আগ্রহের কথা উঠে আসে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের আদলে পুরুষদের জন্যও একটি দিন নির্ধারণের দাবি জানানো হয়েছিল।
পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, কলম্বিয়া, রাশিয়া ও চীনের মতো কয়েকটি দেশে বিচ্ছিন্নভাবে পুরুষ দিবস পালিত হয়। তবে, এসব উদ্যোগ স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত ১৯৯৯ সালে জিরোম টিলাকসিংয়ের উদ্যোগে ১৯ নভেম্বর দিনটিকে বিশ্ব পুরুষ দিবস হিসেবে পালনের সূচনা হয়। ক্যারিবীয় অঞ্চলে শুরুতেই দিবসটি ব্যাপক সাড়া ফেলে।
বিশ্ব পুরুষ দিবস, নারী দিবসের প্রতিদ্বন্দ্বী কোনো আয়োজন নয়। বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রে পুরুষের ইতিবাচক অবদান তুলে ধরা এবং তাদের প্রতি সম্মান জানানোই এ দিবসের মূল লক্ষ্য।
দিবসটির ৬টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। এগুলো হলো-
-চলচ্চিত্রের নায়ক বা খেলোয়াড়দের পাশাপাশি সৎ, পরিশ্রমী ও মার্জিত স্বভাবের সাধারণ পুরুষদের আদর্শ হিসেবে তুলে ধরা।
-পরিবার, স্ত্রী ও সন্তানের প্রতি পুরুষের অবদানকে স্বীকৃতি দেওয়া।
-পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সচেতনতা বাড়ানো।
-সামাজিক আচরণ, প্রত্যাশা ও আইনি বিষয়ে পুরুষের প্রতি বৈষম্যগুলো তুলে ধরা।
-নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জোরদার করা।
-সবার জন্য নিরাপদ ও উন্নত বিশ্ব গড়ে তোলার বিষয়ে সচেতনতা তৈরি করা।
বর্তামানে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, হাইতি, জ্যামাইকা, হাঙ্গেরি, মাল্টা ও ঘানাসহ বিশ্বের বিভিন্ন দেশে পুরুষ দিবস পালিত হয়।
সময়ের আলো/মহু