আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সংগৃহীত ছবি ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা ও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ। এবার সেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ের আবহ তৈরি হলো ঢাকার আনভীর ক্রিকেট স্টেডিয়ামেও। এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬-এর ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ম্যাচ উপভোগের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে মাঠে নেমে ব্যাট ও বল হাতেও সময় কাটান তিনি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচটি উপভোগ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় তিনি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং খেলার বিভিন্ন মুহূর্তে তাদের উৎসাহ দেন।
ম্যাচের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা থাকলেও ব্লাইন্ড ক্রিকেটারদের আত্মবিশ্বাস, সাহস এবং ভবিষ্যৎ উপলব্ধি করার ক্ষমতা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
তিনি বলেন, ‘ওরা হয়তো চোখে দেখতে পায় না, কিংবা কম দেখতে পায়। কিন্তু ওদের ভিশন আছে। ভিশন আর চোখে দেখা এক জিনিস নয়। আমরা অনেক সময় চোখে দেখেও ভিশন বা দূরদৃষ্টি দিয়ে কিছু বুঝতে পারি না। ভিশন মানে ফোরসাইট; সামনে কী আছে, তা উপলব্ধি করার ক্ষমতা।’
ব্লাইন্ড ক্রিকেটারদের সাহস ও মানসিক দৃঢ়তার প্রশংসা করে তিনি বলেন, তাদের মধ্যে যে সাহস রয়েছে, তা অনেকের মধ্যেই দেখা যায় না। তাদের কাছ থেকে শেখার মতো অনেক কিছু রয়েছে। দৃষ্টিশক্তির সীমাবদ্ধতার কারণে তারা অনেক কিছু করতে পারবেন না— এমন ধারণা থেকে বেরিয়ে এসে তাদের সব ধরনের সহযোগিতা ও উৎসাহ দেওয়া প্রয়োজন।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, আমাদের উচিত ওদের পূর্ণ উৎসাহ দেওয়া এবং অন্য সবার মতো স্বাভাবিকভাবে আচরণ করা। ওরাও সেটাই চায়; আমরা যেন তাদের সঙ্গে স্বাভাবিক আচরণ করি। সব দলই ভালো খেলছে।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট দলকে শিরোপার দৌড়ে এগিয়ে রাখবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো একটি দলকে আলাদাভাবে এগিয়ে রাখতে চান না। সব দলের জন্য শুভকামনা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সেরা দলই চ্যাম্পিয়ন হবে।
এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান ভারতীয় হাইকমিশনার। পাশাপাশি নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি। ব্লাইন্ড ক্রিকেটারদের সহায়তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোরও পরামর্শ দেন।
দীনেশ ত্রিবেদী বলেন, নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্লাইন্ড ক্রিকেটারদের বিভিন্ন সীমাবদ্ধতা ও সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রযুক্তির মাধ্যমে তাদের আরও কার্যকরভাবে সহযোগিতা করার যথেষ্ট সুযোগ রয়েছে।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা যাচাইয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম। ভারত-পাকিস্তান ম্যাচের এক দিন আগে সোমবার (১৬ নভেম্বর) স্টেডিয়াম পরিদর্শন করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
২০২৭ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের আগে সম্ভাব্য প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা যাচাই করতেই প্রতিনিধি দলটি সেখানে যায়।
পরিদর্শনের সময় ইসিবির প্রতিনিধিরা মাঠ, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিমনেশিয়াম ও সুইমিংপুলসহ স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি সম্প্রচার, চিকিৎসা, দর্শক ব্যবস্থাপনা এবং নিরাপত্তাসংক্রান্ত সুযোগ-সুবিধাও পর্যবেক্ষণ করেন তারা।
বিসিবি ও ভেন্যু সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, স্টেডিয়ামের সামগ্রিক সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেছেন ইসিবির প্রতিনিধিরা। পরিদর্শন শেষে তারা নিজস্ব বোর্ডের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন। ওই প্রতিবেদনের ভিত্তিতেই ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড। ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা পৃষ্ঠপোষক সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) এবং মিডিয়া পার্টনার টি স্পোর্টস।
সময়ের আলো/ইউএমএইচ