আধুনিক জীবনে তথ্য, শিক্ষা, সংবাদ ও বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম টেলিভিশন। ছবি : সংগৃহীত আজ ২১ নভেম্বর, বিশ্ব টেলিভিশন দিবস। আধুনিক জীবনে তথ্য, শিক্ষা, সংবাদ ও বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম টেলিভিশন। শিশুদের কার্টুন থেকে শুরু করে বড়দের সংবাদ, নাটক ও সিনেমা- সব বয়সী মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছে এই মাধ্যম। প্রযুক্তির ধারাবাহিক পরিবর্তনের মধ্যেও বিশ্বজুড়ে টেলিভিশনের গুরুত্ব ও প্রভাব অটুট রয়েছে।
১৯২৬ সালের ২১ নভেম্বর স্কটিশ বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড প্রথম কার্যকর টেলিভিশন প্রদর্শন করেন। টেলিভিশন প্রযুক্তির এই ঐতিহাসিক অগ্রযাত্রাকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।
টেলিভিশন শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘টেলি’ ও লাতিন শব্দ ‘ভিশন’ থেকে। ‘টেলি’ অর্থ দূরত্ব এবং ‘ভিশন’ অর্থ দেখা। অর্থাৎ দূর থেকে ছবি দেখার মাধ্যম হলো টেলিভিশন। এর মাধ্যমে একই সঙ্গে দৃশ্য দেখা ও শব্দ শোনা যায়।
একসময় টেলিভিশন মানুষের ঘরে বসেই বিশ্বকে জানার নতুন সুযোগ তৈরি করে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সংবাদ, ঘটনা, সংস্কৃতি ও জীবনযাত্রার চিত্র মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মাধ্যম। পঞ্চাশের দশকে টেলিভিশন গণমাধ্যম হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
বাংলাদেশেও টেলিভিশন সম্প্রচারের ইতিহাস দীর্ঘদিনের। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার তৎকালীন ডিআইটি ভবন থেকে সাদাকালো সম্প্রচারের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। পরে ১৯৮০ সালে দেশে রঙিন টেলিভিশন সম্প্রচার চালু হয়। বর্তমানে সরকারি সম্প্রচারমাধ্যম হিসেবে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ টেলিভিশন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও সংবাদ, বিনোদন ও নানা ধরনের অনুষ্ঠান প্রচার করছে।
টেলিভিশনের মূল প্রযুক্তি হলো শব্দ ও ছবিকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে যোগাযোগব্যবস্থার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো। এ প্রক্রিয়ায় তিনটি প্রধান অংশ কাজ করে। প্রথমত, টিভি ক্যামেরা ছবি ও শব্দ ধারণ করে সেগুলোকে সংকেতে রূপান্তর করে। দ্বিতীয়ত, ট্রান্সমিটার সেই সংকেত সম্প্রচার করে। তৃতীয়ত, টেলিভিশন সেট বা রিসিভার সংকেত গ্রহণ করে পুনরায় ছবি ও শব্দে রূপান্তরিত করে দর্শকের সামনে তুলে ধরে।
টেলিভিশনে চলমান দৃশ্য তৈরির পেছনেও রয়েছে বিশেষ প্রযুক্তি। মূলত অসংখ্য স্থিরচিত্র দ্রুত ধারাবাহিকভাবে প্রদর্শনের মাধ্যমে চলমান ছবির অনুভূতি তৈরি হয়। ক্যামেরায় ধারণ করা ছবিগুলো দ্রুত পরপর দেখানো হলে মানুষের চোখ সেগুলোকে আলাদা স্থিরচিত্র হিসেবে শনাক্ত করতে পারে না। ফলে তৈরি হয় চলমান দৃশ্য বা ভিডিও।
সময়ের সঙ্গে টেলিভিশন প্রযুক্তিতেও এসেছে ব্যাপক পরিবর্তন। সাদাকালো পর্দা পেরিয়ে রঙিন টেলিভিশন, এলসিডি, এলইডি ও স্মার্ট টিভির আবির্ভাব ঘটেছে। যুক্ত হয়েছে ইন্টারনেটভিত্তিক সম্প্রচার ও বিভিন্ন ডিজিটাল সুবিধা। ফলে টেলিভিশন এখন আর কেবল বিনোদনের মাধ্যম নয়; শিক্ষা, জনসচেতনতা, সংবাদ পরিবেশন ও বিশ্বজুড়ে তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ হাতিয়ার।
প্রযুক্তির এই বিবর্তনের ধারায় টেলিভিশন এখনো মানুষের জীবন ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সময়ের আলো/মহু