ত্রয়োদশ জাতীয় সংসদে চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে এসব কমিটি পুনর্গঠন করা হয়।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম। পরে সংসদে প্রস্তাবটি গ্রহণ করা হয়।
পুনর্গঠিত চারটি কমিটি হলো— আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
পুনর্গঠনের পর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরকে। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. আবুল কালাম। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মো. খালেদ হোসেন মাহবুব।
অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে জহরত আদিব চৌধুরীকে।
জাতীয় সংসদের কার্যক্রমে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা, নীতিমালা ও সংশ্লিষ্ট বিষয়ে সংসদীয় পর্যবেক্ষণের ক্ষেত্রে এসব স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সময়ের আলো/কেআই