উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর ও জিরোপয়েন্ট এলাকা ঘুরে দেখেন।
সফরকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের ঊর্ধ্বতন প্রতিনিধিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক অবস্থা ও প্রাকৃতিক বৈচিত্র্য পর্যবেক্ষণের অংশ হিসেবে এই সফর করছেন রাষ্ট্রদূত। সফরের দ্বিতীয় দিনে সকালে তিনি বাংলাবান্ধা জিরোপয়েন্টে পৌঁছালে স্থানীয় প্রশাসন তাকে স্বাগত জানান।
সেখানে তিনি সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ এবং সবুজে ঘেরা প্রকৃতি দেখে মুগ্ধতা প্রকাশ করেন। জিরোপয়েন্টে অবস্থানকালে তিনি কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন এবং স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন।
সফরসূচি অনুযায়ী, বাংলাবান্ধা পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূতের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করার কথা রয়েছে। সেখানে তিনি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান ও অবকাঠামো পর্যবেক্ষণ করবেন।
উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে কেন্দ্র করে পঞ্চগড় জেলা ও সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁর এই সফরের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের পর্যটন ও স্বাস্থ্যসেবা খাতের সম্ভাবনাগুলো মার্কিন দূতাবাসের নজরে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
সময়ের আলো/জোই