মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমেরিকার সঙ্গে কাজ করা কানাডীয় কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে ফিরলে, তাদেরকে শুল্ক দিতে হবে না।’
রোববার (৩০ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘নতুন শুল্ক এড়াতে কানাডীয় কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে তাদের সদর দফতর ও উৎপাদন কার্যক্রম সরিয়ে নেওয়া উচিত। সেখানে ফিরলে কোনো শুল্ক দিতে হবে না।’
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প এই মন্তব্য করলেন। সম্প্রতি কিছু কানাডীয় পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। জবাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যেও পাল্টা শুল্ক আরোপ করেছে কানাডা।
অন্য এক পোস্টে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অন্যতম ‘সবচেয়ে খারাপ’ বাণিজ্য অংশীদার বলে মন্তব্য করেন। অথচ কানাডা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে প্রতি বছর প্রায় ৯০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক কার্যক্রম রয়েছে।
ট্রাম্প জানান, তিনি কানাডার গাড়ি, যন্ত্রাংশ কিংবা অন্য কোনো পণ্য চান না। তার দাবি, কয়েক দশক ধরে কানাডা যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছে।
সময়ের আলো/মহু