ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঐতিহ্যবাহী ২০০ বছরের পুরোনো আমগাছ ও সমতলের চা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে তিনি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের ঐতিহাসিক আমগাছ এবং সীমান্তসংলগ্ন নিটলডোবা গ্রামের সমতলের চা বাগান পরিদর্শন করেন। এ সময় তিনি চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং নিজেও শ্রমিকের বেশে চা-পাতা তোলেন।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, আমি সমতলে চা কখনো দেখিনি। বাংলাদেশে এই প্রথম সমতলে চা চাষ দেখে সীমাহীন খুশি হয়েছি। আরও খুশি হয়েছি এত পুরোনো আমগাছ দেখে। আমরা বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চাই। এখানকার মানুষ খুবই পরিশ্রমী। তাদের সহযোগিতা করলে তারা দ্রুত উন্নতি করবেন। আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকব।
ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।
এ সময় তার সঙ্গে টি স্টেটের মালিক ফয়জুল ইসলাম হিরু, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূতের সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তিনি স্থানীয় ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলোর বিষয়ে খোঁজখবর নেন এবং সুলতান টি ও ঐতিহাসিক আমগাছের গুরুত্ব সম্পর্কে অবগত হন।
সময়ের আলো/আতা