সাপ্তাহিক ছুটির দিনে সরকারি গাড়ি নিয়ে বন্ধুদের সাথে নিয়ে পাশের জেলা নওগাঁর টু-স্টার হোটেল মল্লিকা ইনে চা-পার্টি করতে যান বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। এসময় এসিল্যান্ডের বন্ধু মারুফ চালিত মোটরসাইকেলের ধাক্কায় রোস্তম আলী নামের এক পথচারী গুরুতর আহত হয়। ঘটনায় মোটরসাইকেল চালক বন্ধুসহ এসিল্যান্ড গণপিটুনি খেয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আলোচিত এই ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পূর্ব ঢাকা রোড নামক স্থানে। এদিকে ঘটনার চার দিন অতিবাহিত হলেও কোনো অভিযোগ দায়ের না হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা যায়, শুক্রবার নওগাঁ মল্লিকা ইনে চা-পার্টিতে যাবার সময় পুর্বঢাকা রোড় (পশ্চিম সিংড়া) নামক স্থানে মারুফের দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা মারে পথচারী রোস্তম আলীকে। এসময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানকার জনতা মোটরসাইকেল চালক মারুফকে গণপিটুনি থেকে রক্ষা করার জন্য একটি ঘরে আটকে রেখে আহত রোস্তমকে স্থানীয় ক্লিনিক নিয়ে চিকিৎসা কাজে ব্যস্ত ছিলেন।
ঘটনাটি মোবাইল ফোনে জানার পর উপজেলা বিএনপি কয়েকজন নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক সময় উত্তেজিত জনতা বিএনপির ওই নেতাকর্মীদের দলবলের সদস্য এবং সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামকে ঘেরাও করে গণপিটুনি দেয় বলেও জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, একজন সরকারি কর্মকর্তা সরকারি গাড়ি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত না করে ছুটির দিনে ব্যক্তিগত কাজে চা-পার্টিতে যাওয়ায় এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
এ বিষয়ে রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সাথে সাক্ষাৎ করে ওই দিনের ঘটনা জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি শুক্রবার ছুটির দিনে বন্ধুদেরকে নিয়ে নওগাঁর মল্লিকা ইনে যাচ্ছিলাম। পথিমধ্যে যাওয়ার সময় ওই দুর্ঘটনা দেখে আমি থামিয়ে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করি মাত্র।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সাথে কথা হলে তিনি জানান, এ ধরনের হট্টগোল বা মারামারি ঘটনা শুনেছি। এসিল্যান্ড ঘটনাস্থলে কেন গেল এটা আমার জানা নেই। এসিল্যান্ড ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করতে পারে কি না জানতে চাইলে উত্তরে তিনি বলেন, যেতে পারে তবে নিয়ম অনুযায়ী তেলের চালানের আবেদন করে যেতে পারে। তবে তিনি কোনো চালান বা লিখিত ভাবে আমাকে জানায়নি।
সময়ের আলো/আতা