পঞ্চগড়ের তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ‘ইলহাম টেলিকম’ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের মোবাইল চুরির ঘটনায় বড় সাফল্য পেয়েছে পুলিশ। ঘটনার ১৫ দিন পর টানা তিন দিনের এক রুদ্ধশ্বাস ও দুঃসাহসিক অভিযানে এই সংঘবদ্ধ চোরচক্রের অন্যতম মূলহোতা কামাল হোসেন (৪০) ওরফে কামালকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গাজীপুর জেলার কাশিমপুর থানার লোহাকুর এলাকায় কামালের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কামাল ওই এলাকার মৃত জালাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন মার্কেটে অবস্থিত ব্যবসায়ী জুলহাস উদ্দিনের ‘ইলহাম টেলিকম’-এ এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরচক্রটি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন নামি ব্র্যান্ডের প্রায় ১৪০টি স্মার্টফোন, ৫০ হাজার টাকার রিচার্জ কার্ড এবং নগদ ৩ লাখ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুটে নেয়।
চুরির ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক অত্যন্ত দ্রুততার সাথে দোকানের তালা কেটে বড় ব্যাগে করে মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, চুরির দিন ভোরে ৫ জন যুবককে পর্যটক বেশে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। পরে তারা অটোরিকশা যোগে ভজনপুরের দিকে পালিয়ে যায়। তদন্তে জানা যায়, সন্দেহভাজনরা আগের রাতে স্থানীয় একটি আবাসিক হোটেলে অবস্থান করেছিল।
দোকান মালিক জুলহাস উদ্দিনের মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে। তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে চোরচক্রের অবস্থান শনাক্ত করার পর ডিবি ও থানা পুলিশের একটি দল ঢাকায় টানা তিন দিন অবস্থান নেয়। অবশেষে নানা প্রতিকূলতা পেরিয়ে চক্রের অন্যতম ‘গডফাদার’ কামাল হোসেনকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয় তারা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই চোরচক্রটি অত্যন্ত সুসংগঠিত এবং তথ্য-প্রযুক্তিতে বিশেষ পারদর্শী। তারা মূলত ৪-৫ জন করে মোট ৮টি আলাদা দলে বিভক্ত হয়ে সারা দেশে নিয়মিত চুরির কার্যক্রম পরিচালনা করে আসছিল। কামাল হোসেন এই বিশাল অপরাধী সিন্ডিকেটের অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করতেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ইলহাম টেলিকমে চুরির ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছিল। আমাদের টিম তিন দিন গাজীপুর ও ঢাকায় অবস্থান করে চক্রের অন্যতম হোতাকে গ্রেফতার করেছে। এই বড় চুরির রহস্য এখন উন্মোচিত। চুরি যাওয়া দামি মোবাইল ফোনগুলো উদ্ধার এবং সিন্ডিকেটের বাকি সদস্যদের গ্রেফতারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে তেঁতুলিয়া পর্যটন এলাকা হওয়ায় প্রাণকেন্দ্রে চৌরাস্তা বাজারে এমন বড় চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছিল, ঘটনার সাথে জড়িত একজনের গ্রেফতারের খবরে তা অনেকটা স্বস্তি ফিরেচে। তবে সাধারণ ব্যবসায়ীরা বাজার এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
সময়ের আলো/আতা