কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে হকি দল

ক্রীড়া প্রতিবেদক

খেলা

চীনের মকিতে পৌঁছে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পরীক্ষায় পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। আগামী ৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া

2026-09-01T03:51:28+00:00
2026-09-01T03:51:28+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে হকি দল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫১ এএম 
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে হকি দল । ছবি : সংগৃহীত
চীনের মকিতে পৌঁছে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পরীক্ষায় পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। আগামী ৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জুনিয়র এশিয়া কাপকে সামনে রেখে পুরুষ ও নারী দল ইতিমধ্যে মূল ভেন্যুতে অনুশীলন শুরু করেছে। টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় আবহাওয়ার সঙ্গে দ্রুত খাপ খাওয়ানোই এখন বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশের তুলনায় মকির আবহাওয়া বেশ ঠান্ডা। দিনের বেলায় রোদ থাকলেও বাতাসে ঠান্ডার অনুভূতি রয়েছে, আর রাতে তাপমাত্রা আরও কমে যায়। ফলে নতুন পরিবেশে শরীরকে মানিয়ে নিতে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন খেলোয়াড়রা। ফিজিওর পরামর্শ মেনে অনুশীলন ও পুনরুদ্ধারের মাধ্যমে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চলছে। প্রথম দিনের অনুশীলন শেষে অবশ্য ভেন্যু ও সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দলের খেলোয়াড়রা। নারী দলের ফরোয়ার্ড নাদিরা তালুকদার ইমা জানিয়েছেন, শুরুতে ঠান্ডা ও বাতাসে কিছুটা অস্বস্তি হলেও ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছেন তারা। টুর্নামেন্টে ভালো কিছু করার ব্যাপারেও আত্মবিশ্বাসী এই ফরোয়ার্ড।


পুরুষ দলের ফরোয়ার্ড মোহাম্মদ আবদুল্লাহও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তার মতে, বাংলাদেশের গরম আবহাওয়া থেকে সরাসরি চীনের ঠান্ডায় এসে শুরুতে কিছুটা সমস্যা হলেও দলের সদস্যরা ধীরে ধীরে পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। তবে মাঠের বাইরের এই চ্যালেঞ্জের পাশাপাশি প্রস্তুতির পরিবেশ নিয়ে এবার স্বস্তিতে বাংলাদেশ দল। বিশেষ করে খাবার ও আবাসন নিয়ে আগের অভিজ্ঞতার তুলনায় এবার পরিস্থিতি অনেক ভালো বলে জানিয়েছেন আবদুল্লাহ। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আগের চীন সফরে খাবার নিয়ে সমস্যায় পড়লেও এবার সে ধরনের কোনো জটিলতা দেখছেন না তিনি।

মাঠের সুযোগ-সুবিধাও দলের প্রত্যাশা পূরণ করেছে। নতুন ভেন্যু নিয়ে সন্তুষ্ট আবদুল্লাহর চোখ এখন মূল প্রতিযোগিতায়। তার মতে, এবারের আসরে বাংলাদেশের সবচেয়ে বড় লক্ষ্য হলো ভালো পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপের বাছাইপর্বে জায়গা করে নেওয়া। পুরুষ দলের শুরুটাও হতে যাচ্ছে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই স্বাগতিক চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের মাঠে চীন বাড়তি সুবিধা পেলেও ম্যাচটি জমজমাট হবে বলে মনে করছেন আবদুল্লাহ। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যেই মাঠে নামতে চান তারা।
 
আগামী ৪ সেপ্টেম্বর মকিতে পর্দা উঠবে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকির। তার আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং অনুশীলনে নিজেদের সেরা প্রস্তুতি নিশ্চিত করাই বাংলাদেশের দুই দলের প্রধান কাজ। বিশ্বকাপের পথ তৈরি করতে এবার এশিয়ার মঞ্চে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিতে চায় লাল-সবুজের যুবারা।

সময়ের আলো/প্রিন্ট/টিকে


  বিষয়:   কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে হকি দল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: