বিয়ে করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। অনেক আগে জীবনের এই নতুন অধ্যায় শুরু করলেও বিষয়টি প্রকাশ্যে আনেন গতকাল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন এই নায়িকা। স্বামীর নাম-পরিচয় প্রকাশ না করলেও জানিয়েছেন তিনি একজন ব্যবসায়ী। এর বেশি আপাতত আর কিছু বলতে নারাজ মিষ্টি।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা ছবিতে দেখা যায় লাল লেহেঙ্গা পরে সেজেছেন মিষ্টি জান্নাত। নববধূর সাজে দেওয়া ছবিগুলোর সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।’ পোস্টে যেন কেউ নেতিবাচক মন্তব্য না করেন, সে সতর্কতাও দিয়েছেন মিষ্টি জান্নাত। ফেসবুকে পোস্ট ছাড়াও গণমাধ্যমকে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী। তবে বিয়ের সময়, স্থান, স্বামীর নাম ও বিস্তারিত পরিচয় জানতে চাইলে তিনি জানান, এসব তথ্য বলা যাবে না। শুধু জানিয়েছেন, বিয়েটা বাংলাদেশেই হয়েছে। স্বামী ব্যবসায়ী হলেও মিডিয়ার সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে।
মিষ্টি বলেন, এটি প্রেমের বিয়ে। তবে কবে থেকে তাদের সম্পর্ক সে তথ্যও এখনই প্রকাশ করতে চান না। তার ভাষ্য, ‘সব তথ্য একসঙ্গে প্রকাশ করলে আর কোনো সাসপেন্স থাকবে না। তবে আমাদের বিয়েটা হুট করে হয়নি। অনেক আগেই বিয়ে করেছি আমরা। তবে এতদিন বিষয়টি প্রকাশ করিনি।’
বিয়ে করলেও এখনই পুরোপুরি সংসারী জীবন শুরু করেননি মিষ্টি। অভিনেত্রী বলেন, ‘বিয়ে হলেও এখনও পুরোপুরি বিবাহিত জীবন শুরু হয়নি। বর্তমানে নিজের মতো করেই আছি। ভবিষ্যতে যেন সুন্দরভাবে সংসার করতে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।’
উল্লেখ্য ২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটনের ‘লাভ স্টেশন’ সিনেমা দিয়ে অভিষেক হয় মিষ্টি জান্নাতের।
যদিও অভিনয় দিয়ে খুব একটা সাড়া জাগাতে পারেননি। তবে ব্যক্তিগত জীবনের নানা ইস্যু এবং মন্তব্য দিয়ে খবরের শিরোনাম হয়েছেন এ অভিনেত্রী।
সময়ের আলো/প্রিন্ট/টিকে