পাবনা জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) এর আহ্বায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জনমনে ভয়ভীতি, আতঙ্ক সৃষ্টি, ক্ষমতার অপব্যবহার, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে।
তার এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে (৩০ আগস্ট) প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন জেলা বিএনপি নেতারা। অভিযুক্ত খালেদ হোসেন পরাগ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে কর্মরত রয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগের বিষয় তুলে ধরা হয়।
বিএনপি নেতাদের পক্ষে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আবু ওবায়দা শেখ তুহিন, মাহমুদুন্নবী স্বপন, মোসাব্বির হোসেন সঞ্জু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম মুসা, সদস্য সচিব রেহানুল ইসলাম বেলাল সহ অনেকে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে সরবরাহ করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বেশকিছুদিন যাবৎ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে জাসাস পাবনা জেলা শাখার আহ্বায়ক খালেদ হোসেন পরাগ ফেসবুকের মাধ্যমে পাবনার কিছু ব্যবসায়ীকে হুমকি ধামকি দিচ্ছেন। বিভিন্ন আইডির মাধ্যমে ফেসবুকে খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ প্রচারিত হচ্ছে। যার কারণে জেলা বিএনপি নেতৃবৃন্দ সাধারণ জনগণের কাছে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এ বিষয়গুলো নিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ যখনই খালেদ হোসেন পরাগের সঙ্গে কথা বলতে বা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিয়েছে তখনই সে উত্তেজিত হয়েছে এবং প্রায় সব নেতৃবৃন্দের সঙ্গে অসদাচরণ করেছে। ব্যক্তি বিশেষের কোনো কৃতকর্মের জন্য দেশের জনগণের কাছে দল এবং প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হোক এটা কখনই প্রত্যাশিত নয়। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
লিখিত অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান খন্দকার সহ সাতজন জেলা বিএনপির শীর্ষ নেতা স্বাক্ষর করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পাবনা জেলা জাসাস আহ্বায়ক খালেদ হোসেন পরাগ বলেন, এই ধরনের সংবাদ সম্মেলন জেলা বিএনপি করতে পারে কিনা এটাই আমার প্রশ্ন। সংবাদ সম্মেলন আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ তারা হাজির করতে পারেনি। বিষয়টি মীমাংসা করে নেওয়ার জন্য বহুবার বলেছে আমাকে। কিন্তু আমি অন্যায়ের কাছে মাথানত করবো না। চোরের সঙ্গে কীসের মীমাংসা। যারা আমার মৃত বাবাকে নিয়ে বাজে কথা বলতে পারে লিখতে পারে তাদের সঙ্গে কোনো আপস নাই।
উল্লেখ্য, এর আগে গত ২ আগস্ট পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, সাংবাদিকদের হুমকি দেওয়াসহ বিভিন্ন অভিযোগে পাবনায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়।
সময়ের আলো/জোই