ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ তুলে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছেন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ঈশ্বরদীর খাইরুজ্জামান বাবু বাস টার্মিনালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে গত ১৬ আগস্ট ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি বাতিল করে তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল অভিযোগ করেন, নতুন কমিটিতে গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে থাকা, হামলা-মামলা ও কারাবরণের শিকার নেতাদের বাদ দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগও করেন তিনি।
নতুন কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তাদের নেতৃত্ব থেকে সরানোর দাবি জানান বিক্ষুব্ধ নেতাকর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ককে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিতর্কিত কমিটি বাতিলের আল্টিমেটাম দেওয়া হয়।
সংবাদ সম্মেলন শেষে পদবঞ্চিত নেতাকর্মীরা ঈশ্বরদী শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলহাজ্ব মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের কুশপুত্তলিকা দাহ করেন তারা।
তবে নেতাকর্মীদের অভিযোগকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, সর্বোচ্চ যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করেই ঈশ্বরদীর দুটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগকারীদের কেউ কেউ অতীতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত হয়েছিলেন।
নতুন কমিটির এক নেতার সাজা সংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না এবং সংশ্লিষ্ট নেতা দ্রুত আইনিভাবে তা নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। অন্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
সময়ের আলো/জোই/কেএইচ