ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে আজ (বুধবার) জশনে জুলুস অনুষ্ঠিত হবে। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবার ৫৫তম এ জুলুস অনুষ্ঠিত হবে। জুলুসকে ঘিরে নগরীর বিভিন্ন সড়কের পাশে শোভা যাচ্ছে কালেমা খচিত নীল পাতাকা। সড়ক দ্বীপ ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। উৎসবের সাজে সেজেছে বন্দরনগরী।
শান্তিপূর্ণভাবে জুলুস আয়োজনে নানা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এরই মধ্যে নগরীর লালখান বাজার-মুরাদপুর ফ্লাইওভারে চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর জারি করা গণবিজ্ঞপ্তিতে ফ্লাইওভার বন্ধের তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার সকাল ৮টায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে শুরু হওয়া জুলুস বিবিরহাট (বামে)-মুরাদপুর (ডানে)- ষোলশহর ২ নম্বর গেট-জিইসি-ওয়াসা মোড়, দামপাড়া-লালখান বাজার টাইগার পাস হয়ে পুনরায় মাদরাসা সংলগ্ন ময়দানে এসে শেষ হবে। জুলুস চলাকালীন লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে। এদিকে সিএমপি অধ্যাদেশ ১৯৭৮-এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী মিলাদুন্নবী উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও মাহফিলে সব ধরনের অস্ত্র বহন, প্রদর্শন, ব্যবহার, কুশপুতুল প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আয়োজকরা জানান, এবারও সৈয়দ মুহাম্মদ সাব্বির শাহ জুলুসের নেতৃত্ব দেবেন। অতিথি হিসেবে থাকবেন সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিব শাহ। হিজরি সনের ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমনের দিন। এবারও লাখো মানুষ জুলুসে শামিল হবে বলে আশা করা হচ্ছে। জুলুসের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি থাকবে ১০ হাজার স্বেচ্ছাসেবক।
সময়ের আলো/প্রিন্ট/জেডি