প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ এএম আপডেট: ০১.০৯.২০২৬ ১০:১২ এএম
সংগৃহীত ছবি প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে রাজশাহীর রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যায়। এর ফলে রাজশাহী থেকে সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই আকস্মিক বিঘ্নতার কারণে রাজশাহী রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসসহ মোট ছয়টি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে, যার ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাইন মেরামতের কাজ শেষ করেন। মেরামতের কাজ শেষ হওয়ার পর সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং আটকে থাকা ট্রেনগুলো বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে কী কারণে বা কীভাবে রেললাইনের পাত ভেঙে গেল, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সময়ের আলো/জোই