তিউনিসিয়ার মধ্যাঞ্চলীয় কাইরুয়ান এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিলিয়ানা প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় অন্তত ১০০টিরও বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
তিউনিসিয়ার সংসদ সদস্য নাবিল আল-হামদি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ট্যাপ’-কে জানান, কাইরুয়ানেরদ এল উয়েসলাতিয়া জেলার কাইতুন পর্বত এলাকায় আগুনের ভয়াবহ প্রকোপ দেখা দিলে সেখান থেকে প্রায় ১০০টি পরিবারকে সরিয়ে আনা হয়।
দাবানলটি মূলত সিলিয়ানা অঞ্চলের বারগু পর্বত এলাকা থেকে উৎপত্তি হয়ে বাতাসের গতিবেগের কারণে সংলগ্ন কাইরুয়ানের দিকে ছড়িয়ে পড়ে। আগুন খুব দ্রুত বসতি এলাকার কাছাকাছি পৌঁছে গেলে, স্থানীয় প্রশাসন দ্রুত পরিবারগুলোকে সরিয়ে নিয়ে একটি স্কুলে আশ্রয়ের ব্যবস্থা করে।
অন্যদিকে, সিলিয়ানার কৃষি উন্নয়নবিষয়ক আঞ্চলিক কমিশনার জামাল আল-ফারচিচি জানান, বুলেমান পাহাড়ের আগুন ছড়িয়ে পড়ে সিলিয়ানা ও কাইরুয়ানের সীমান্তঘেঁষা বারগু জেলার আইন বুসাদিয়া এলাকায় পৌঁছেছে। সেখান থেকেও বেশ কিছু পরিবারকে উদ্ধার করে সামার ক্যাম্প ও প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে স্থলভাগের পাশাপাশি আকাশপথও ব্যবহার করা হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকার আগুন নেভাতে দেশটির সামরিক বাহিনীর ২টি বিমান মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে জাগুয়ান, কাইরুয়ান এবং কেফ প্রদেশ থেকে অতিরিক্ত অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
এর আগে, রোববার আরও ১০টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং দাবানলের আতঙ্ক ও তীব্র ধোঁয়ায় ১৮ জন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। স্বস্তির বিষয় হলো, এই দাবানলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া সংক্রান্ত সংস্থা ‘তিউনিসিয়ান অবজারভেটরি অব ওয়েদার অ্যান্ড ক্লাইম্যাট’-এর তথ্যমতে, তিউনিসিয়ায় চলছে নজিরবিহীন তাপদাহ। কাইরুয়ানে সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এই অনাকাঙ্ক্ষিত দাবানলের পেছনে অন্যতম প্রধান ভূমিকা রাখছে।
সময়ের আলো/মহু