সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, আহত ১০

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে আগ্নেয়াস্ত্র হাতে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

2026-09-01T19:09:52+00:00
2026-09-01T19:58:07+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, আহত ১০
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ৭:৫৮ পিএম
সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : সংগৃহীত
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে আগ্নেয়াস্ত্র হাতে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে ও তীব্র ভোগান্তির সৃষ্টি হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পৃথক দুটি স্থানে এই সমাবেশের আয়োজনকে কেন্দ্র করে সংঘাতের সূত্রপাত হয়।

Advertisement
স্থানীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মহিউদ্দিনের নেতৃত্বে মুনস্টার কমিউনিটি সেন্টারে সাবেক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনকে প্রধান অতিথি করে একটি পক্ষ কর্মসূচি ডাকে। অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের নেতৃত্বে এলকে সিদ্দিকী স্কয়ারে সাবেক সংসদ সদস্য আসলাম চৌধুরীকে প্রধান অতিথি করে অপর পক্ষ সমাবেশের আয়োজন করে।

দুপুরের দিকে মুনস্টার কমিউনিটি সেন্টার এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনার একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এতে কাজী সালাউদ্দিনের ছোট ভাই কাজী নাজিম উদ্দিন ও সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগসহ অন্তত ১০ জন আহত হন।


আহতদের দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জানান, ভর্তি থাকা তিনজনের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের পর কাজী সালাউদ্দিনের সমর্থকেরা বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন, যা দুপুর ২টা থেকে যান চলাচলেই চরম বিঘ্ন ঘটায়। একই সময়ে আসলাম চৌধুরীর অনুসারীরা সীতাকুণ্ড পৌরসভা, ভাটিয়ারী, কুমিরা, সোনাইছড়ি ও সলিমপুর এলাকায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।

দুই পক্ষের এই সহিংসতা ও মুখোমুখি অবস্থানের কারণে শেষ পর্যন্ত সীতাকুণ্ডে বিএনপির নির্ধারিত ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো কর্মসূচি অনুষ্ঠিত হতে পারেনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, এলাকায় বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সীতাকুণ্ড  বিএনপি  সংঘর্ষ  মহাসড়ক অবরোধ  সময়ের আলো  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: