সুন্দরবনের দুয়ার খুললেও দস্যুদের আতঙ্কে জেলেরা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। সকাল থেকে টানা

2026-09-01T21:43:58+00:00
2026-09-01T21:43:58+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সুন্দরবনের দুয়ার খুললেও দস্যুদের আতঙ্কে জেলেরা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৩ পিএম 
বৈরী আবহাওয়া ও নাজুক যোগাযোগ ব্যবস্থায় সুন্দরবনে ছেড়ে যায়নি জেলেদের নৌকা। ছবি : সময়ের আলো
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। সকাল থেকে টানা বৃষ্টি, নদীতে মরা জোয়ার, মাছ পাওয়ার অনিশ্চয়তা এবং সুন্দরবনে দস্যুদের আতঙ্কে জেলেদের অনেকেই বনে যাওয়ার বিষয়ে আগ্রহ দেখাননি। বৈরী আবহাওয়া ও নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটক নেই বললে চলে।

সাতক্ষীরা রেঞ্জের এসিএফ মশিউর রহমান বলেন, তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশন থেকে মাছ ধরা ও ইকোট্যুরিজমের জন্য পাস দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ১৫৫ টি পাস ইস্যু করা হয়েছে। এসব পাসের মাধ্যমে ৪ শতাধিক জেলে-বাওয়ালি সুন্দরবনে প্রবেশের অনুমতি পেয়েছেন।

Advertisement
তিনি বলেন, সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশন থেকে এ মৌসুমে প্রায় তিন হাজার বিএলসি নবায়ন করা হয়েছে। পর্যটকদের জন্য গলাগাছি ও দোবেকি ইকোট্যুরিজম কেন্দ্রও প্রস্তুত রয়েছে। তবে আবহাওয়া বৈরী থাকায় প্রথম দিন পর্যটকদের তেমন আনাগোনা দেখা যায়নি। আবহাওয়া অনুকূলে এলে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করছেন তারা।

বনদস্যু বিষয়ে মশিউর রহমান বলেন, সুন্দরবন বন্ধ থাকার সময়ও কোস্টগার্ডের সঙ্গে যৌথ দল কাজ করেছে। এখনো যৌথ টহল কার্যক্রম চলমান রয়েছে। দস্যুদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোস্টগার্ডে সঙ্গে বন বিভাগের নিয়মিত যোগাযোগ রয়েছে।


মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের ঘাটে একটি নৌকা রেখে অনুমতিপত্র নিতে এসেছিলেন জহর আলী মালী। তবে সুন্দরবনের ভেতরে যাওয়ার ইচ্ছা নেই তার। বনসংলগ্ন খোলপেটুয়া নদীতে মাছ ধরার পরিকল্পনা করেছেন তিনি।

জহর আলী বলেন, আজ প্রথম দিনে পাস নিতে এসেছি। সুন্দরবনে এখন ডাকাতের ভয় আছে। তাই বনের ভেতরে যাব না। এই ফরেস্ট স্টেশনের পাশের খোলপেটুয়া নদীতে মাছ ধরব। সুন্দরবন দস্যুমুক্ত না হলে বনের বেশি গভীরে যাব না।

জেলে-বাওয়ালিদের অভিযোগ, সুন্দরবনের সাতক্ষীরা ও খুলনা রেঞ্জে কয়েকটি দস্যু বাহিনী আবার সক্রিয় হয়েছে। বনে প্রবেশের আগে তাদের নির্দিষ্ট হারে চাঁদা দিতে হয়। চাঁদা দেওয়ার পর দেওয়া হয় ৫ টাকার একটি নোট। ওই নোটের নির্দিষ্ট সিরিয়াল নম্বরই নদীপথে চলাচলের ‘কোড’ হিসেবে ব্যবহৃত হয় বলে দাবি তাদের।

জেলেদের অভিযোগ, এই ‘কোড’ না থাকলে নদীতে নৌকা থামিয়ে জিজ্ঞাসাবাদ, মারধর এমনকি অপহরণও করা হয়। ফলে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জীবিকা ফেরার সুযোগ এলেও নিরাপত্তার শঙ্কা কাটছে না তাদের।

সুন্দরবন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (টিওএএস) সূত্রে জানা গেছে, সংগঠনটির অধীনে বর্তমানে ৭৫টি নৌযান রয়েছে। শ্যামনগরের সুন্দরবন ঘেঁষা মালঞ্চ নদীর পাড় থেকেও পর্যটকদের নিয়ে নৌকা ছাড়তে দেখা গেছে। মুন্সিগঞ্জ এলাকার মাঝি সাগর হোসেন দুই পর্যটককে নিয়ে বনের দিকে যাচ্ছিলেন। তিনি তাদের মায়ের খাল পর্যন্ত নিয়ে যাবেন।


পর্যটক ইমরান হোসেন বলেন, সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমির সৌন্দর্য উপভোগ করতে তারা এসেছেন। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে কাছাকাছি এসে আটকে যেতে হয়েছে। বৃষ্টি থামলে আবার যাত্রা করবেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি বছর মাছের প্রজনন মৌসুম ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক ও জেলে-বাওয়ালিদের প্রবেশ বন্ধ থাকে। এ বছরও একই কারণে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

সুন্দরবনের প্রায় ৭০ শতাংশ এলাকা অভয়ারণ্য হিসেবে সংরক্ষিত। এসব এলাকায় সাধারণভাবে মাছ ধরা বা প্রবেশের সুযোগ নেই। ফলে অনুমতি নিয়ে বনে গেলেও পর্যটক ও জেলেদের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সুন্দরবন  জলদস্যু  আতঙ্ক  জেলে  সময়ের আলো  পর্যটক  বাওয়ালি  টানা বৃষ্টি  নদী  মরা জোয়ার  দস্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: