পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে চার রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সীমান্তের টিটিহিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজারের ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এনায়েতুল্লাহ (২৩) ও তাঁর স্ত্রী জাইনুব বিবি (২১) এবং ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এনামুল হাসান (২৩) ও তাঁর স্ত্রী নুর কলিমা (২০)।
বিজিবি সূত্র জানায়, সকালে মাগুরমারী সীমান্তের টিটিহিপাড়া এলাকায় দুই নারীসহ চারজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। বিজিবির নিয়মিত টহল দল বিষয়টি বুঝতে পেরে তাদের চ্যালেঞ্জ করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হিসেবে পরিচয় দেন এবং সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেন।
আটক রোহিঙ্গারা বিজিবিকে জানান, কক্সবাজার থেকে একটি শক্তিশালী মানব পাচারকারী চক্র তাদের পঞ্চগড়ে নিয়ে আসে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে তাদের ভারতে পাঠিয়ে দেওয়ার চুক্তি করেছিল ওই চক্রের সদস্যরা।
বিজিবি আইনি প্রক্রিয়া শেষে আটক চারজনকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সীমান্ত এলাকা থেকে চার রোহিঙ্গাকে আটক করে থানায় সোপর্দ করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পঞ্চগড় সীমান্ত ব্যবহার করে রোহিঙ্গাদের অবৈধভাবে ভারতে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সীমান্তে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সময়ের আলো/আতা