ঘুরে দাঁড়াচ্ছে রফতানি বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে দেশের রফতানি বাণিজ্য। তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের ভালো প্রবৃদ্ধিতে চলতি বছরের আগস্টে দেশের পণ্য রফতানি আয় বেড়েছে

2026-09-02T01:52:56+00:00
2026-09-02T01:52:56+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
ঘুরে দাঁড়াচ্ছে রফতানি বাণিজ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫২ এএম 
ঘুরে দাঁড়াচ্ছে রফতানি বাণিজ্য। ছবি : সংগৃহীত
অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে দেশের রফতানি বাণিজ্য। তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের ভালো প্রবৃদ্ধিতে চলতি বছরের আগস্টে দেশের পণ্য রফতানি আয় বেড়েছে ১৩ দশমিক ১৪ শতাংশ। এ মাসে রফতানি আয় হয়েছে ৪৪৩ কোটি ডলার। গত বছরের একই মাসে এ পরিমাণ ছিল ৩৯২ কোটি ডলার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে, অর্থাৎ জুলাই-আগস্টে দেশের রফতানি আয় বেড়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ। এ সময়ে রফতানি হয়েছে ৯১৬ কোটি ডলারের পণ্য। আগের অর্থবছরের একই সময়ে রফতানি আয় ছিল ৮৬৯ কোটি ডলার। গতকাল মঙ্গলবার প্রকাশিত রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

আগস্টে রফতানি প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল তৈরি পোশাক খাত। এ মাসে পোশাক রফতানি বেড়েছে ১৩ দশমিক ৯২ শতাংশ, যার পরিমাণ ৩৮৯ কোটি ডলার। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রফতানি বেড়েছে ৫ দশমিক ১২ শতাংশ। এ সময়ে পোশাক রফতানি হয়েছে ৭৫০ কোটি ডলারের।

Advertisement
আগস্টে তৈরি পোশাকের দুটি প্রধান খাতেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। নিট পোশাক রফতানি বেড়েছে ১৪ দশমিক ৮৮ শতাংশ এবং ওভেন পোশাকের রফতানি বেড়েছে ১২ দশমিক ৭০ শতাংশ। অর্থবছরের প্রথম দুই মাসে নিট পোশাক রফতানি বেড়েছে ৬ দশমিক ১৭ শতাংশ এবং ওভেন পোশাকের রফতানি বেড়েছে ৩ দশমিক ৮১ শতাংশ।

তৈরি পোশাকের পাশাপাশি বেশ কয়েকটি অপ্রচলিত রফতানি খাতেও ভালো প্রবৃদ্ধি হয়েছে। আগস্টে পাট ও পাটজাত পণ্য রফতানি বেড়েছে ৩৭ দশমিক ০৯ শতাংশ। এ ছাড়া ওষুধ রফতানি বেড়েছে ২৮ দশমিক ৫২ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্য ২৪ দশমিক ৮৫ শতাংশ, মুদ্রিত সামগ্রী ২৪ দশমিক ৮৩ শতাংশ, প্রকৌশল পণ্য ২৩ দশমিক ৮৮ শতাংশ এবং অন্যান্য ধরনের পাদুকা রফতানি বেড়েছে ১৫ দশমিক ২৯ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসের হিসাবে প্রধান অপ্রচলিত খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে মুদ্রিত সামগ্রীতে। এ খাতে রফতানি বেড়েছে ৪১ দশমিক ৮৯ শতাংশ। এরপর রয়েছে ওষুধ খাত, যেখানে প্রবৃদ্ধি ৩৮ দশমিক ৯৪ শতাংশ। অন্যান্য ধরনের পাদুকা রফতানি বেড়েছে ২৭ দশমিক ৩২ শতাংশ এবং পাট ও পাটজাত পণ্য রফতানি বেড়েছে ২২ দশমিক ২৬ শতাংশ।


দেশের সবচেয়ে বড় রফতানি বাজার যুক্তরাষ্ট্রে আগস্টে রফতানি বেড়েছে ২৬ দশমিক ০৯ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশটিতে রফতানি বেড়েছে ১১ দশমিক ৯০ শতাংশ। যুক্তরাজ্য আবার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি বাজারের অবস্থানে ফিরে এসেছে। এরপর রয়েছে জার্মানি, স্পেন ও নেদারল্যান্ডস।

উদীয়মান বাজারগুলোর মধ্যে তুরস্কে আগস্টে বাংলাদেশের রফতানি বেড়েছে ১৪১ দশমিক ০৩ শতাংশ। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় রফতানি বেড়েছে ৪২ দশমিক ৩৭ শতাংশ এবং সৌদি আরবে বেড়েছে ৪২ দশমিক ০৯ শতাংশ। প্রধান বাজারগুলোতে চাহিদা বৃদ্ধি, নির্ভরযোগ্য পণ্য সংগ্রহের উৎস হিসেবে বাংলাদেশের প্রতি ক্রেতাদের আস্থা বাড়া, উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ এবং উচ্চমূল্য সংযোজন পণ্যের রফতানি বৃদ্ধির কারণে রফতানি প্রবৃদ্ধি হয়েছে।

নিট ও ওভেন পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, প্রকৌশল পণ্য ও পাদুকা খাতের শক্তিশালী পারফরম্যান্স বৈশ্বিক বাণিজ্যের প্রতিকূল পরিবেশেও বাংলাদেশের রফতানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   রফতানি  বাণিজ্য  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: