দীর্ঘ বিরতির পর কোর্টে ফিরেই দারুণ জয় পেয়েছেন কার্লোস আলকারাজ। একই দিনে ইউএস ওপেনের শিরোপা ধরে রাখার মিশনও জয় দিয়ে শুরু করেছেন আরিনা সাবালেঙ্কা। দুজনের দাপুটে পারফরম্যান্সে নিউইয়র্কের গ্র্যান্ড স্ল্যাম শুরুতেই পেয়েছে বাড়তি উত্তাপ।
চোটের কারণে দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে ছিলেন আলকারাজ। কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই ইউএস ওপেনের মতো বড় মঞ্চে ফিরতে হওয়ায় তার পারফরম্যান্স নিয়ে ছিল অনিশ্চয়তা। আর প্রথম রাউন্ডে প্রতিপক্ষ ছিলেন শক্তিশালী রোমান সাফিউলিন।
ম্যাচ শেষে নিজের কব্জির অবস্থা নিয়েও স্বস্তি প্রকাশ করেছেন তিনি। আলকারাজ জানান, কোর্টে খেলার সময় কোনো ব্যথা অনুভব করেননি এবং স্বাভাবিকভাবেই নিজের খেলাটা খেলতে পেরেছেন। তবে পরবর্তী ম্যাচগুলোর আগে কব্জির যত্ন নেওয়া চালিয়ে যাবেন তিনি।
অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে সাবালেঙ্কার শুরুটাও হয়েছে প্রত্যাশামতো। প্রথম রাউন্ডে ক্যামিলা ওসোরিওকে ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন বেলারুশের এই তারকা। সাম্প্রতিক সময়ে অবশ্য খুব একটা স্বস্তিতে ছিলেন না সাবালেঙ্কা। কয়েক মাস ধরে ফাইনালে উঠতে না পারায় তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকি বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও এখন ঝুঁকিতে। তবে এসব নিয়ে পড়ে থাকতে চান না তিনি।
সাবালেঙ্কার মতে, অতীতের সাফল্য কিংবা ব্যর্থতার দিকে তাকিয়ে থাকলে বর্তমানের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। তাই প্রতিটি ম্যাচকে নতুন করে শুরু করতে চান তিনি। ওসোরিওর বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক থেকে সেই মানসিকতারই প্রমাণ দিয়েছেন সাবালেঙ্কা।
সময়ের আলো/প্রিন্ট/জেডি