ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) তেলবাহী দুটি ট্যাংকারে সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন বাহিনী এই হামলা পরিচালনা করে।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান সংঘাত শুরুর পর এই প্রথম কোনো ইরানি জাহাজে সরাসরি হামলা চালাল যুক্তরাষ্ট্র। এর আগে কেবল ইরানি তেলবাহী জাহাজগুলোর চলাচলে বাধা দেওয়া হতো। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতির অনুমোদন দেওয়ার পর এই হামলা চালানো হয়। এই নীতির আওতায় ইরান কোনো জাহাজে হামলা চালালে মার্কিন বাহিনীও পাল্টা জবাবে তাদের ট্যাংকারকে টার্গেট করবে।
মার্কিন উপকূলে নৌ-অবরোধের উত্তর দিকে অবস্থান করা তেলবাহী দুটি ট্যাংকার লক্ষ্য করে ড্রোন ও মিসাইল নিক্ষেপ করা হয়, যা সরাসরি জাহাজগুলোর ইঞ্জিন রুমে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত কয়েকদিনে ইরান যেসব ট্যাংকার ও মার্কিন সেনার ওপর হামলা চালিয়েছিল, এটি তারই প্রতিশোধমূলক পদক্ষেপ।
এছাড়া হরমুজ প্রণালিতে ইরান যেন নিজেদের রাডার ও মিসাইল সক্ষমতা পুনরায় পুনর্গঠন করতে না পারে, সেটির অংশ হিসেবেই এই সামরিক পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সূত্রের তথ্য অনুযায়ী, কেবল ট্যাংকার নয়, গত রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় শতাধিক হামলা চালানো হয়েছে। সূত্র: এক্সিওস
সময়ের আলো/জোই