হবিগঞ্জে খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসলের ক্ষতি

সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ

সারাদেশ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর ভাঙন ও চার দফা পাহাড়ি ঢলের পানিতে ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

2026-09-02T10:16:32+00:00
2026-09-02T10:16:53+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসলের ক্ষতি
সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ এএম  আপডেট: ০২.০৯.২০২৬ ১০:১৬ এএম
হবিগঞ্জে খোয়াই নদীর ভাঙনে পানি ঢুকছে লোকালয়ে। ছবি : সংগৃহীত
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর ভাঙন ও চার দফা পাহাড়ি ঢলের পানিতে ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। রোপা আমন, আউশ ধান ও শাকসবজি মিলে তিনটি ইউনিয়নে মোট ৮ কোটি ৯ লাখ ৬৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। এতে লস্করপুর, পইল ও তেঘরিয়া ইউনিয়নের মোট ১ হাজার ৪৫০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বৃদ্ধি ফলে লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় ভাঙন দেখা দেয়। নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এতে আমন, আউশ ও বিভিন্ন ধরনের শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

Advertisement
কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, লস্করপুর ইউনিয়নে রোপা আমনের ৮৭ হেক্টর, আউশ ধানের ৩০ হেক্টর এবং শাকসবজির ২৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ইউনিয়নটিতে আংশিকভাবে আউশ ধানের আরও ৮৫ হেক্টর জমি ক্ষতির মুখে পড়েছে। পইল ইউনিয়নে রোপা আমনের ২৩ হেক্টর ও আউশ ধানের ১০ হেক্টর জমি এবং তেঘরিয়া ইউনিয়নে রোপা আমনের ২৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকের হিসাবেও লস্করপুর ইউনিয়নেই সবচেয়ে বেশি। এ ইউনিয়নে রোপা আমনের ক্ষতি হয়েছে ৫২২ জন কৃষকের, আউশ ধানের ক্ষতি হয়েছে ৩৩০ জনের এবং শাকসবজির ক্ষতি হয়েছে ২৫০ জন কৃষকের। পইল ইউনিয়নে রোপা আমনের ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৩৮ জন এবং আউশ ধানে ৬০ জন। অপরদিকে তেঘরিয়া ইউনিয়নে রোপা আমনের ক্ষতি হয়েছে ১৫০ জন কৃষকের।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, পরপর চার দফা খোয়াই নদীর পানিতে প্লাবিত হওয়ায় তাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক কৃষকের জমিতে একাধিকবার পানি প্রবেশ করায় কষ্ট করে আবাদ করা ধান ও সবজি নষ্ট হয়ে গেছে। ব্যাংক এবং বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের বোঝায় পড়েছেন কৃষকরা।


আব্দাখাই এলাকার কৃষক তৌহিদ মিযা জানান, এক এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে শসা খেত করেছি। মাত্র ফুল ফুটতে শুরু করেছে শসা বাগানে। এমন সময় নদী ভাঙনের পানি এসে সব শেষ করে দিয়েছে। আশা করেছিলাম- শসা বিক্রি করে ঋণ পরিশোধ করব। কিন্তু এখন জমি বিক্রি করে এনজিওর ঋণ পরিশোধ করতে হবে।  

কালিগঞ্জ এলাকার মমতা বেগম নামে এক নারী জানান, ১০ হাজার টাকা ঋণ নিয়ে পুঁই শাকের বাগান করেছিলাম। এখন বাগানে শুধু বাঁশের লাঠি দাঁড়ানো আছে, আর কিছু নাই। দিনমজুর স্বামী এই ঋণ কীভাবে শোধ করবেন সেই চিন্তায় চোখে সরষেফুল দেখছি।

কৃষকদের অভিযোগ, নদীর ভাঙন রোধে টেকসই ব্যবস্থা না নেওয়া এবং বাঁধের কাজ দীর্ঘসূত্রিতার কারণে তাদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত নদীভাঙন রোধ, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সরকারি সহায়তা এবং পরবর্তী মৌসুমে বিনামূল্যে বীজ ও সার দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মাকসুদুল আলম সময়ের আলোকে জানান, খোয়াই নদীর পানি বৃদ্ধি ও ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত জমি ও কৃষকদের প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনার বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   হবিগঞ্জ  খোয়াই নদী  ভাঙন  ফসল  ক্ষতি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: