দলবদলে ফের রেকর্ড, প্রিমিয়ার লিগে খরচ ৫ হাজার ৭৩৫ কোটি টাকা

খেলা

দলবদলের বাজারে আবারও নতুন রেকর্ড গড়েছে প্রিমিয়ার লিগ। টানা দ্বিতীয় মৌসুমে নিজেদের গ্রীষ্মকালীন দলবদলের খরচের রেকর্ড ভেঙেছে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল

2026-09-02T16:36:11+00:00
2026-09-02T16:36:11+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
দলবদলে ফের রেকর্ড, প্রিমিয়ার লিগে খরচ ৫ হাজার ৭৩৫ কোটি টাকা
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৬ পিএম 
দলবদলে ফের রেকর্ড, প্রিমিয়ার লিগে খরচ ৫ হাজার ৭৩৫ কোটি টাকা । ছবি : সংগৃহীত
দলবদলের বাজারে আবারও নতুন রেকর্ড গড়েছে প্রিমিয়ার লিগ। টানা দ্বিতীয় মৌসুমে নিজেদের গ্রীষ্মকালীন দলবদলের খরচের রেকর্ড ভেঙেছে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগের ক্লাবগুলো। এবারের দলবদলে সব মিলিয়ে ৩৪৬ কোটি পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৭৩৫ কোটি ২৩ লাখ টাকা খরচ করেছে তারা।

দলবদলের শেষ দিনে ম্যানচেস্টার সিটি এভারটন থেকে ইলিমান এনদিয়ায়েকে ৬ কোটি পাউন্ডে দলে ভেড়ানোর পরই মোট ব্যয় ৩০০ কোটি পাউন্ড ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত গত মৌসুমের ৩১৪ কোটি পাউন্ডের রেকর্ডও পেছনে পড়ে যায়।

Advertisement
শুধু শেষ দিনেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলো খরচ করেছে ৪৭ কোটি ৫০ লাখ পাউন্ড। গত বছরের শেষ দিনের ৩৯ কোটি ১০ লাখ পাউন্ডের খরচও এবার ছাড়িয়ে গেছে।

এবারের দলবদলে সবচেয়ে বড় অঙ্কের চুক্তিগুলোর তিনটিই হয়েছে প্রিমিয়ার লিগে। ম্যানচেস্টার সিটি নটিংহ্যাম ফরেস্টের এলিয়ট অ্যান্ডারসনকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে এবং চেলসি অ্যাস্টন ভিলার মর্গান রজার্সকে ১১ কোটি ৭০ লাখ পাউন্ডে দলে টেনেছে। তবে দুজনকেই ছাড়িয়ে গেছেন এনজো ফার্নান্দেজ।

চেলসি থেকে এনজোকে ১২ কোটি ৫০ লাখ পাউন্ডের যৌথ ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফিতে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে পিএসজি ও ফ্রান্সের ফরোয়ার্ড ব্রাডলি বারকোলাকে লিভারপুল শুরুতে ১০ কোটি ৬০ লাখ পাউন্ডে দলে নিলেও চুক্তির শর্ত অনুযায়ী সেটি ১২ কোটি ৩০ লাখ পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে।


সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে ম্যানচেস্টার সিটি। এনজোকে দলে নেওয়ার পর এবারের দলবদলে তাদের মোট ব্যয় দাঁড়িয়েছে ৪৫ কোটি ৮০ লাখ পাউন্ড। একক দলবদল মৌসুমে এটিই প্রিমিয়ার লিগের নতুন রেকর্ড। এর আগে গত মৌসুমে ৪১ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করে রেকর্ডটি ছিল লিভারপুলের।

তবে বিপুল খরচের পাশাপাশি খেলোয়াড় বিক্রি করেও বড় অঙ্কের অর্থ পেয়েছে ম্যানচেস্টার সিটি। খেলোয়াড় বিক্রি থেকে তাদের আয় হয়েছে ৩০ কোটি ৪০ লাখ পাউন্ড।

খরচের তালিকায় দ্বিতীয় চেলসি। লন্ডনের ক্লাবটি খেলোয়াড় কিনতে ব্যয় করেছে ৩৪ কোটি ৯০ লাখ পাউন্ড। তবে খেলোয়াড় বিক্রি করে আয় করেছে আরও বেশি, মোট ৩৮ কোটি ২০ লাখ পাউন্ড। অর্থাৎ দলবদলে তাদের নিট লাভ ৩ কোটি ৩০ লাখ পাউন্ড।

তৃতীয় সর্বোচ্চ ৩০ কোটি ২০ লাখ পাউন্ড খরচ করেছে টটেনহাম হটস্পার। তবে বিপুল বিনিয়োগের পরও মাঠে তার প্রতিফলন দেখা যায়নি। লিগের প্রথম দুই ম্যাচেই হেরেছে তারা।

ম্যানচেস্টার ইউনাইটেডও এবারের দলবদলে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে। তাদের খরচ ১৪ কোটি ৮০ লাখ পাউন্ড। নতুন করে প্রিমিয়ার লিগে ওঠা ইপসউইচ টাউনও চ্যাম্পিয়নশিপে অবনমন এড়াতে দল শক্তিশালী করতে ১৭ কোটি ১০ লাখ পাউন্ড ব্যয় করেছে।

প্রিমিয়ার লিগের বাইরে ৬ কোটি পাউন্ডের বেশি মূল্যের মাত্র দুটি বড় দলবদল হয়েছে। আরবি লাইপজিগ থেকে ইয়ান দিওমান্দে রিয়াল মাদ্রিদে এবং নিউক্যাসল ইউনাইটেড থেকে অ্যান্থনি গর্ডন বার্সেলোনায় গেছেন।

টটেনহামও ক্লাব রেকর্ড গড়ে সান্দ্রো টোনালিকে দলে নিয়েছে। চুক্তির মূল্য বেড়ে ১০ কোটি পাউন্ড পর্যন্ত যেতে পারে। এ ছাড়া মাতেউস ফার্নান্দেসের জন্য ওয়েস্ট হ্যামকে ৮ কোটি ৫০ লাখ পাউন্ড এবং ম্যানচেস্টার সিটির সাভিওর জন্য ৭ কোটি ৫০ লাখ পাউন্ড দিয়েছে তারা। সাভিওর চুক্তির মূল্যও পরবর্তী সময়ে ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পর্যন্ত বাড়তে পারে।

দলবদলের এই বিপুল ব্যয় আবারও প্রমাণ করল, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আর্থিক শক্তিকেন্দ্রগুলোর একটি হয়ে উঠেছে প্রিমিয়ার লিগ। এবার সেই বাজারে আগের সব রেকর্ড পেছনে ফেলে নতুন উচ্চতায় উঠেছে ক্লাবগুলোর সম্মিলিত খরচ।

সময়ের আলো/টিকে
  বিষয়:   দলবদল  ফের রেকর্ড  প্রিমিয়ার লিগ  খরচ  ৫ হাজার ৭৩৫ কোটি টাকা  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: