এশিয়ান গেমসে ক্রিকেট আয়োজন নিয়ে অসন্তোষ, পাশে দাঁড়াল জাপান

খেলা

এশিয়ান গেমসে ক্রিকেট আয়োজন ঘিরে মাঠের বাইরের অস্বস্তি যেন ক্রমেই বাড়ছে। ক্রিকেটারদের আবাসন, ড্রেসিংরুম ও মাঠের সুযোগ-সুবিধা নিয়ে অসন্তোষ জানিয়েছে

2026-09-02T17:10:39+00:00
2026-09-02T17:10:39+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
এশিয়ান গেমসে ক্রিকেট আয়োজন নিয়ে অসন্তোষ, পাশে দাঁড়াল জাপান
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১০ পিএম 
এশিয়ান গেমসে ক্রিকেট আয়োজন নিয়ে অসন্তোষ, পাশে দাঁড়াল জাপান
এশিয়ান গেমসে ক্রিকেট আয়োজন ঘিরে মাঠের বাইরের অস্বস্তি যেন ক্রমেই বাড়ছে। ক্রিকেটারদের আবাসন, ড্রেসিংরুম ও মাঠের সুযোগ-সুবিধা নিয়ে অসন্তোষ জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এরই মধ্যে ক্রিকেট দলগুলোর উদ্বেগ দূর করতে আয়োজকদের পক্ষ থেকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন।

আইচি-নাগোয়া এশিয়ান গেমসের আয়োজকদের সঙ্গে একাধিকবার আলোচনা করেও সন্তোষজনক সমাধান না পাওয়ায় ক্রিকেট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রয়োজনে এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছে ভারত।

Advertisement
মূল আপত্তির জায়গা ক্রিকেটারদের আবাসন। এশিয়ান গেমসে অংশ নেওয়া বিভিন্ন দেশের খেলোয়াড় ও কোচদের জন্য আয়োজকরা আবাসনের ব্যবস্থা করলেও সেগুলোর অনেকগুলো গেমস ভিলেজ থেকে বেশ দূরে, মূল শহরে। কোথাও তাঁবু, আবার কোথাও নোঙর করা জাহাজে থাকার ব্যবস্থা করা হয়েছে। জাপান জানিয়েছে, ১৫ হাজারের বেশি মানুষের জন্য অতিরিক্ত আবাসনের ব্যবস্থা করা সম্ভব নয়। পাশাপাশি গেমসের বাজেটও বাড়ানোর পরিকল্পনা নেই তাদের।


এমন পরিস্থিতিতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো ক্রিকেটপ্রধান দেশগুলো সেরা খেলোয়াড়দের এশিয়ান গেমসে পাঠানো নিয়ে অনাগ্রহ দেখাচ্ছে। এতে প্রতিযোগিতায় ক্রিকেটের মান ও আকর্ষণ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে ক্রিকেটারদের আশ্বস্ত করতে এবার সামনে এসেছে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংবাদ সংস্থা পিটিআইকে সংস্থাটির প্রধান নির্বাহী নাওকি অ্যালেক্স মিয়াজি জানিয়েছেন, ক্রিকেট দলগুলো চাইলে গেমস ভিলেজের পরিবর্তে নিজেদের পছন্দের হোটেলেও থাকতে পারবে।

আবাসন নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে মিয়াজি বলেন, গেমস ভিলেজে স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের থাকার ব্যবস্থা থাকবে। খেলোয়াড়দের জন্য নির্ধারিত এলাকায় শৌচালয়সহ প্রয়োজনীয় সুবিধা রাখা হবে। কিছু অবকাঠামো অস্থায়ী হলেও সীমিত সময় ও বাজেটের মধ্যে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আয়োজক কমিটিও নিয়মিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যোগাযোগ রাখছে।

ড্রেসিংরুম নিয়েও বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড আপত্তি জানিয়েছে। জাপানের ক্রিকেট সংস্থার দাবি, সাজঘর অস্থায়ী হলেও সেখানে ক্রিকেটারদের প্রয়োজনীয় সব সুবিধা থাকবে। পাশাপাশি মাঠের পাশে থাকা স্থায়ী অবকাঠামোও ব্যবহার করতে পারবেন খেলোয়াড়রা।

এশিয়ান গেমসের ক্রিকেট অনুষ্ঠিত হবে নিশিনের কারোগি স্পোর্টস পার্কে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বের ম্যাচও এই মাঠে আয়োজনের কথা রয়েছে।

মিয়াজির দাবি, গত ১৭ মাস ধরে শূন্য থেকে মাঠটি তৈরি করা হয়েছে। আইচিতে আগে ক্রিকেটের জন্য প্রয়োজনীয় কোনো অবকাঠামো ছিল না। সীমিত সময় ও অর্থের মধ্যে পূর্ণাঙ্গ মাঠ তৈরি করা হয়েছে। আনা হয়েছে অভিজ্ঞ পিচ প্রস্তুতকারী এবং অন্য জায়গায় তৈরি করা পিচ মাঠে বসানো হয়েছে। এ কাজে শ্রীলঙ্কা ক্রিকেটের সহযোগিতার কথাও উল্লেখ করেছেন তিনি।

সব সীমাবদ্ধতার মধ্যেও এশিয়ান গেমসের ক্রিকেটের জন্য মানসম্মত মাঠ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের। এখন তাদের এই আশ্বাসে ক্রিকেটপ্রধান দেশগুলোর অসন্তোষ কতটা কমে, সেটিই দেখার বিষয়।

সময়ের আলো/টিকে
  বিষয়:   এশিয়ান গেমসে ক্রিকেট আয়োজন নিয়ে অসন্তোষ  পাশে দাঁড়াল জাপান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: