বগুড়ার আদমদীঘিতে চলন্ত ট্রেনের খাবার গাড়িতে এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, এটিএসআই খোকন ইসলাম, কনস্টেবল আশিকুল রহমান, গোলাম মোস্তফা ও ফফলে রাব্বী। ঘটনার দিন যাত্রীদের নিরাপত্তায় তারা ওই ট্রেনে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) রাতে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুল করে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবার গাড়িতে ওঠেন ৪২ বছর বয়সী ওই নারী। পরে খাবার গাড়ির কর্মচারী আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
চিৎকার শুনে অন্য যাত্রীরা এগিয়ে এসে ওই নারীকে উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়।
পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় আবু বক্কর সিদ্দিকসহ সন্দেহভাজন দুই পুলিশ সদস্য এবং আরও দুজনকে আসামি করা হয়েছে। আবু বক্করকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন বলেন, ‘ধর্ষণের অভিযোগে আবু বক্করকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ট্রেনে দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। ওই নারীর করা মামলার তদন্তও চলছে।’
সময়ের আলো/এসএকে