পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের শিকার আব্দুল বারেক ওরফে বাকি (৫০) নামে এক দিনমজুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সে সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আব্দুল বারেক উপজেলার সজনাই গ্রামের সোবাহান আলীর ছেলে। গত ২৯ আগস্ট শনিবার সকালে এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, গত শনিবার আব্দুল বারেক তাঁর পাঁঠা ছাগলকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করাতে নিয়ে গেলে প্রতিবেশী একই গ্রামের জাহের মোল্লার ছেলে রবিউল ইসলাম রবি এতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ইসলাম বাঁশ দিয়ে আব্দুল বারেকের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।
পরে তাঁকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
পরে নিহতের লাশ বাড়িতে আনার পর দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সময়ের আলো/এসএকে