চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা মিরসরাই পৌর আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম (৫৫) মারা গেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে কারাগারে থাকা অবস্থায় নুরুল ইসলাম বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত কারাগারের হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে বিকেল ৩টার দিকে তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার জানান, আইনি প্রক্রিয়া শেষে নুরুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলামের বিরুদ্ধে মিরসরাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। গত ৩১ আগস্ট পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। নুরুল ইসলাম মিরসরাই উপজেলার তারাকাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
সময়ের আলো/এসএকে