ভিউ দিয়ে নাটকের মান নির্ণয় ঠিক নয়

মাসুদুর রহমান

আনন্দ সময়

দুই দশক আগে একটি প্রতিযোগিতার মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেছিলেন অভিনেত্রী তানজিকা আমিন। সময়ের ব্যবধানে নিজেকে করেছেন পরিণত। নাটক, ওটিটি

2026-09-03T03:23:11+00:00
2026-09-03T03:23:42+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
অভিনেত্রী তানজিকা আমিন
ভিউ দিয়ে নাটকের মান নির্ণয় ঠিক নয়
মাসুদুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ এএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ৩:২৩ এএম
অভিনেত্রী তানজিকা আমিন। ছবি : সংগৃহীত
দুই দশক আগে একটি প্রতিযোগিতার মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেছিলেন অভিনেত্রী তানজিকা আমিন। সময়ের ব্যবধানে নিজেকে করেছেন পরিণত। নাটক, ওটিটি প্ল্যাটফর্ম কিংবা সিনেমা-অভিনয়ের এই তিন মাধ্যমেই রয়েছে তার গ্রহণযোগ্যতা। দেখা গেছে উপস্থাপনাতেও। সময়ের আলোচিত এই অভিনেত্রীকে নিয়ে লিখেছেন মাসুদুর রহমান

তানজিকা আমিনের ক্যারিয়ার শুরু হয় ২০০৬ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বকুল ফুলের মালা’ সিনেমা দিয়ে। বড়পর্দার মাধ্যমে অভিনয়ে অভিষেক হলেও অনেকের মতো এখানেই থিতু হননি তিনি। অভিনয়ের অন্যান্য মাধ্যমেও নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন। ধীরে ধীরে তার ব্যস্ততা বাড়ে নাটক, ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমায়।

Advertisement
গ্ল্যামারার্স চরিত্রের পাশাপাশি বাস্তবধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকের মাঝে আলাদা অবস্থান তৈরি করেছেন তানজিকা। সেই ধারাবাহিকতায় ‘রঙবাজার’ সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে তাকে। আড়ালের কিছু মানুষের যাপিত জীবন, তাদের ভেতরের শূন্যতা আর উচ্ছেদের কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। এতে একজন অবহেলিত নারীর চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন তানজিকা।

সিনেমাটি প্রেক্ষাগৃহে বড় আয়োজনে মুক্তির পরিকল্পনা থাকলেও তার আগে সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় এটি সম্প্রতি অবমুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। রাশিদ পলাশ পরিচালিত রঙবাজার সিনেমায় নিজের চরিত্রটি নিয়ে তানজিকা আমিন বলেন, ‘যৌনপল্লীর নারীদের জীবন বাইরে থেকে দেখতে অনেক রঙিন মনে হয়, কিন্তু ভেতরটা আসলে একদম ফাঁকা। তাদের জীবনের গল্প নিয়েই এ সিনেমা। এখানে আমি নিজেও একজন অন্ধকার জগতের বাসিন্দার চরিত্রে অভিনয় করেছি। কাজটি করে ভালো সাড়া পেয়েছি।’

রঙবাজার প্রেক্ষাগৃহে না এলেও মুক্তির অপেক্ষায় রয়েছে তানজিকা আমিনের আরও একটি সিনেমা। রাজীব সালেহীন পরিচালিত ‘রবি ইন ঢাকা’। সমকালীন জীবনের হতাশা, মানসিক চাপ এবং নানা সংকটের পরও মানুষ কী করে টিকে থাকার শক্তি খুঁজে পায়, সিনেমাটি সেই বাস্তবতাকেই তুলে ধরবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

এ ছাড়া তানজিকা ‘ঝামেলা’ নামে আরও একটি সিনেমায় কাজ করছেন। এটি পরিচালনা করছেন ইয়ামিন ইলান। সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে শ্যামল মাওলাকে।

সিনেমাটি প্রসঙ্গে তানজিকা বলেন, ঝামেলা সিনেমা নারীদের পাশাপাশি ছেলেদেরও দেখা উচিত। কারণ এতে অনেক কিছু শেখার আছে। কীভাবে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় তা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

সিনেমায় ব্যস্ততা থাকলেও তানজিকা আমিন ওটিটির কনটেন্ট ও নাটকে নিয়মিত কাজ করেন। একক নাটকের পাশাপাশি ধারাবাহিকেও অভিনয় করেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তার একাধিক ধারাবাহিক প্রচার হচ্ছে।

টেলিভিশন নাটকের পাশাপাশি ইউটিউব চ্যানেলের জন্যও কাজ করেন তানজিকা। এই মাধ্যমে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ইউটিউব চ্যানেলে নাটক করার বিষয়ে আমার ভেতরে দ্বৈত অনুভূতি কাজ করে। তবে আমি চাই এই মাধ্যমে আরও ভালো ভালো কাজ হোক। আরও ভিন্ন ভিন্ন কাজ হোক। তা হলে দর্শকরা আরও বেশি আগ্রহী হবেন।’

বর্তমানের নাটক এবং ভিউ-ট্রেন্ডিং প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘ট্রেন্ডিংয়ে এগিয়ে থাকা নাটক নিয়ে আলোচনা হয়। কিন্তু সব ভালো নাটকই ট্রেন্ডিংয়ে স্থান পায় না। কখনো মানহীন গল্পও ভিউয়ের দৌড়ে এগিয়ে থাকে। আবার কখনো ভালো নাটকও আলোচনার বাইরে থাকে। সব ভালো নাটকই আলোচনায় আসে না। ভিউ দিয়ে নাটকের মান নির্ণয় হয় না।’

নাটক-সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মুগ্ধতা ছড়িয়েছেন তানজিকা আমিন। ২০২৩ সালের আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর ২’, ২০২৪ সালের সালজার রহমানে ‘কালপুরুষ’ এবং ২০২৫ সালের ঈদ আয়োজনে অমিতাভ রেজা চৌধুরী ‘বোহেমিয়ান ঘোড়া’য় অভিনয় করে আলোচনায় আসনে তানজিকা। ট্রাকচালক আব্বাসের অদ্ভুত জীবন কাহিনি নিয়ে নির্মিত বোহেমিয়ান ঘোড়া সিরিজে প্রথমবার হিজাব ও বোরকা পরে অভিনয় করেছিলেন এই লাক্স তারকা। যে গেটআপে আগে কখনো দেখা যায়নি তাকে। মাল্টিকাস্টিং গল্পের এই সিরিজে মোশাররফ করিমের আট স্ত্রীর একজনের চরিত্রে দেখা যায় তানজিকা আমিনকে।

মাল্টিকাস্টিং গল্পে অনেকে কাজ করতে চান না। এ ধরনের কাজ নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘মানসম্মত গল্প ও চরিত্র, ভালো অভিনেতা-অভিনেত্রীর সম্পৃক্ততা, গুণী নির্মাতার কাজ হলে মাল্টিকাস্টিং গল্পে অভিনয়কে আমি ইতিবাচক হিসেবেই দেখি। মাল্টিকাস্টিং গল্পে অনেকের অংশগ্রহণের মাঝে নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হয়।’ 


শুধু ওয়েব সিরিজ নয়, তানজিকা কাজ করেছেন ওয়েব ফিল্মেও। গত বছরের ডিসেম্বরে চার দিনের ব্যবধানে মুক্তি পায় তানজিকার আমিনের দুই ওয়েব সিনেমা। শরাফ আহমেদ জীবনের ‘ডিমলাইট’ ও রায়হান রাফীর ‘অমীমাংসিত’। ডিমলাইটে তানিয়া নামে এক গৃহিণীর চরিত্রে অভিনয় করেছেন তানজিকা। আর ‘অমীমাংসিত’-তে অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে।

ওটিটির কাজ নিয়ে তানজিকা বলেন, ‘কাজগুলোর সুবাদে ওটিটিতে আমার একটু আলাদা ভক্ত তৈরি হয়েছে। এটি আমার জন্য অনেক বড় পাওয়া। নাটকের বাইরে নতুন দর্শক তৈরি হয়েছে। নিজেকে দেখানোর সুযোগ পাচ্ছি। নাটকে হয়তো সবসময় সেটি দেখানোর সুযোগ হয়ে ওঠেনি।’

অভিনয়ে চাহিদা থাকলেও বেছে বেছে কাজ করেন তানজিকা আমিন। মানসম্মত গল্পের বাইরে তাকে দেখা যায় না বললেই চলে। অল্প কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অল্পতে তুষ্ট থাকার লোক আমি। মনের মতো কম কাজ নিয়েই সন্তুষ্ট হই। অভিনয়কে ভালোবেসে কাজ করে যাওয়াই আমার লক্ষ্য।’

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন তানজিকা আমিন। সেই ধারাবাহিকতায় মাছরাঙা টেলিভিশনে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’ উপস্থাপনা করছেন তিনি।

তানজিকা আমিন বলেন, অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাটা আমি উপভোগ করি, বিশেষ করে অনুষ্ঠানের ভাবনা যদি পছন্দ হয়। এই অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজন আমাকে আকৃষ্ট করেছে। তাই কাজটি করতে সম্মত হই। দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করছেন।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   ভিউ দিয়ে নাটকের মান নির্ণয় ঠিক নয় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: