সেপ্টেম্বর শুরু হতেই ২০২৬ সালের বাকি সরকারি ছুটির হিসাবও সামনে এসেছে। বছরের শেষ চার মাসে সরকারি ছুটি রয়েছে মোট ছয় দিন। তবে এর মধ্যে তিনটি ছুটি পড়েছে শুক্র ও শনিবারে। ফলে কর্মদিবসে অতিরিক্ত ছুটি পাওয়া যাবে মাত্র তিন দিন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমীর ছুটি হলেও দিনটি শুক্রবার। অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর নবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি রয়েছে। দুটি দিনই কর্মদিবস।
এ ছাড়া সরকার ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পুনর্বহাল করে সরকারি ছুটি ঘোষণা করেছে। তবে ২০২৬ সালে দিনটি শনিবার পড়েছে। ফলে এ ছুটির জন্যও অতিরিক্ত কর্মদিবসের ছুটি মিলবে না।
ডিসেম্বরে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি রয়েছে বুধবার। ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি শুক্রবার হওয়ায় সেটিও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।
সব মিলিয়ে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় দিনের সরকারি ছুটির মধ্যে কর্মদিবসে ছুটি মিলবে ২০ ও ২১ অক্টোবর এবং ১৬ ডিসেম্বর।
তবে এই ছয় দিনের ছুটি সবার জন্য প্রযোজ্য নয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা সরকারি ও আধা-সরকারি অফিস, সংবিধিবদ্ধ এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য।
বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, শ্রম আইন এবং প্রযোজ্য সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ছুটি নির্ধারিত হয়। তাই সরকারি তালিকায় থাকা ছয় দিনের ছুটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে না।
সময়ের আলো/এমকে