রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ড ঘটনায় নেওয়াজ চৌধুরী মিতু (৫৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশের ভাষ্য, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ১১ নম্বর সড়কের ১৫ নম্বর বাসার সপ্তম তলায় এ ঘটনা ঘটে।
মৃতের বড় ভাই জাহিদুল হাসান চৌধুরী জানান, তাদের বাড়ি কুষ্টিয়ার মজমপুর এলাকায়। নেওয়াজ চৌধুরী মিতু ঠিকাদার ছিলেন। তিনি ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তার স্ত্রী ও দুই মেয়ে কোনাবাড়ীতে শ্বশুরবাড়িতে থাকতেন। খবর পেয়ে তারা ছুটে আসেন এবং নেওয়াজ চৌধুরীকে মৃত অবস্থায় দেখতে পান।
মোহাম্মদপুর থানার এসআই জাহিদুল ইসলাম কবির বলেন, সোমবার রাতে ঘুমানোর আগে মশার কয়েল জ্বালিয়েছিলেন নেওয়াজ চৌধুরী। কয়েল থেকে রুমে আগুন ধরে যায়। বেরোনোর পথ যেই কক্ষে সেখানে আগুন ছড়িয়ে পড়ায় নেওয়াজ চৌধুরী চেষ্টা করেও বের হতে পারেননি। আত্মরক্ষার জন্য তিনি বাথরুমে আশ্রয় নেন। পরে সেখানেই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাসার আসবাবপত্রসহ অন্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অন্যান্য ফ্ল্যাটে আগুন ছড়াতে পারেনি।
সময়ের আলো/কেএইচও