উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটে ঢাকার সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
তিনি জানান, মন্ত্রীর পতাকাবাহী গাড়িটি সার্কিট হাউজ সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের লঙ্ঘন। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাফিক পুলিশের আরেক কর্মকর্তা জানান, রেঞ্জ রোভারটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে।
তিনি বলেন, মন্ত্রীর গাড়িটি যখন উল্টোপথে যাচ্ছিল, তখন পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের দিকে যাচ্ছিল। ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ছিলেন।
এক ট্রাফিক কর্মকর্তা বলেন, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটি নজিরবিহীন ঘটনা।
তার ভাষ্য, অতীতেও মন্ত্রীদের গাড়ি দ্রুত গন্তব্যে পৌঁছানো কিংবা যানজট এড়াতে উল্টোপথে চলার ঘটনা গণমাধ্যমে এসেছে। তবে এ ধরনের ঘটনায় মামলা হওয়ার ঘটনা এটিই প্রথম।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাওয়া-আসা করছেন। যানজটের মধ্যেও তার গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে চলছে।
তিনি বলেন, এর মধ্যে কোনো মন্ত্রী কিংবা সচিবের গাড়ি উল্টোপথে চলার ঘটনা দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে থাকবে।
সময়ের আলো/এসএকে