প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম
ছবি : সংগৃহীত আন্তর্জাতিক বাজারে দাম ও আমদানি ব্যয়ের সঙ্গে সমন্বয় করেই দেশে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা চাই না কোনো ব্যবসায়ী লোকসান দিয়ে ব্যবসা চালিয়ে বাজারে সংকট তৈরি করুক। সরবরাহ লাইন সচল রাখাই আমাদের অন্যতম লক্ষ্য।
সদ্য ঘোষিত পে-স্কেল প্রসঙ্গে তিনি বলেন, এটি একবারে কার্যকর হবে না, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এর ফলে বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়া বা কোনো ধরনের বৈষম্য তৈরির আশঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি।
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পাশাপাশি খোলা বাজারে পণ্য বিক্রয় কার্যক্রম (ওএমএস) চালু রয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, বাজারে সরবরাহ কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না। আমরা প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
সুগন্ধি চাল রফতানি নিয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী জানান, দেশের অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণের জন্য রফতানি বন্ধ রাখা হবে।
সময়ের আলো/এমকে