প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম আপডেট: ০৭.০৯.২০২৬ ৫:৫৯ পিএম
আসির মিয়া (৩৫)। ছবি : সময়ের আলো সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসির মিয়া (৩৫) নামে এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়ার পরে আসামি নিজেকে নির্দোষ দাবি করে ফেসবুক লাইভে আসেন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জ উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে। আসির মিয়া উপজেলার দামোধরদপী গ্রামের বাসিন্দা।
জানা যায়, বুধবার রাত ৯টার দিকে শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরতপী পয়েন্টে অভিযান চালায়। এ সময় মামলার এজাহারভুক্ত আসামি আসির মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে পুলিশ হেফাজতে নেওয়ার পরপর ঘটনাস্থলে হট্টগোল সৃষ্টি হয়। সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়ে যান আসির মিয়া। এরপর তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এদিকে পালিয়ে যাওয়ার পর লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেন আসির মিয়া। তিনি দাবি করেন, তিনি একজন অনলাইন কনটেন্ট ক্রিয়েটর ও সচেতন নাগরিক। বিভিন্ন সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এলাকার বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয় তুলে ধরেন। আসির মিয়ার দাবি, কিছুক্ষণ আগে তিনি শান্তিগঞ্জের একটি দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ পুলিশ এসে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন আমি একজন পুলিশ সদস্যকে জিজ্ঞাসা করি, আপনারা আমাকে কী কারণে নিয়ে যাচ্ছেন? ওই পুলিশ সদস্য জানান, আমাদের চার ভাইয়ের বিরুদ্ধে গ্রামের একজন ডাকাতির অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই আমাকে গ্রেফতার করা হয়েছে।
আসির মিয়া আরও দাবি করেন, এ সময় তিনি পুলিশের কাছে গ্রেফতারি পরোয়ানা দেখতে চান। তবে পুলিশ তাকে কোনো গ্রেফতারি পরোয়ানা দেখাতে পারেনি বলে দাবি তার। তার ভাষ্য অনুযায়ী, এ কারণেই স্থানীয় লোকজন তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, আমরা এখন পর্যন্ত পালিয়ে যাওয়া আসামি ধরতে পারিনি। তবে আমাদের অভিযান অব্যাহত আছে। এছাড়া আসামি ধরার সময় যে মব সৃষ্টি করে পুলিশকে হয়রানি করা হয়েছে, সেই বিষয়েও মামলার প্রক্রিয়াধীন আছে।
সময়ের আলো/এনএন