নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাবার মৃত্যুর খবর তার সন্তানকে দিতে গিয়ে ছেলের ঝুলন্ত ও অর্ধগলিত মরদেহ দেখতে পেয়েছেন স্বজন ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকায় উজ্জ্বল হোসেন নামের ওই ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন পারিবারিক সমস্যা ও তীব্র মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শুক্রবার (৫ জুন) বাবা ও ছেলের মরদেহ একই দিনে পারিবারিক কবরস্থানে দাফন করা হলে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার দমদমা এলাকায় একটি সেতুর পাশে নিজস্ব বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করতেন শাহজাহান মিয়া নামের এক ষাটোর্ধ্ব ব্যক্তি। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন। কিছুদিন আগে স্ট্রোকজনিত কারণে তিনি শারীরিকভাবে অনেকটা অচল হয়ে পড়েন এবং একই বাড়ির একটি আলাদা ঘরে দিনযাপন করছিলেন। পারিবারিক কলহের জেরে কয়েক বছর আগে তিনি পুনরায় আরেকটি বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। অপর দিকে স্বামীর সাথে ঝগড়া করে তার প্রথম স্ত্রী মেয়ের বাড়িতে বসবাস করছিলেন।
শাহজাহান মিয়ার এক ছেলে জসিম উদ্দিন বর্তমানে সৌদি প্রবাসী এবং আরেক ছেলে উজ্জ্বল হোসেন এক সময় প্রবাসে থাকলেও দেশে ফিরে কয়েক বছর আগে স্ত্রীকে তালাক দিয়ে ওই বাড়িতেই সম্পূর্ণ একাকী জীবন কাটাতেন। একই বাড়িতে পৃথকভাবে বসবাস করলেও বাবা ও ছেলের মাঝে দীর্ঘদিন ধরে কোনো সুসম্পর্ক বা বনিবনা ছিল না।
গত বৃহস্পতিবার সন্ধ্যারাতে সিএনজি চালক শাহজাহান মিয়া হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার মেয়ের জামাতা জামাল হোসেন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাহজাহান মিয়াকে মৃত ঘোষণা করেন।
এরপর মেয়ের জামাতা জামাল হোসেন শ্বশুর শাহজাহান মিয়ার মরদেহ হাসপাতাল থেকে নিয়ে এসে বাড়ির পাশের রাস্তায় রাখেন এবং শ্যালক উজ্জ্বল হোসেনকে এই মৃত্যুর খবর দেওয়ার জন্য ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে জানালার একটি অংশ খুলতেই তিনি ঘরের ভেতরের সিলিংয়ের সঙ্গে শ্যালক উজ্জ্বলের ঝুলন্ত ও অর্ধগলিত মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ছেলের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। আজ সকালে বাবা শাহজাহান মিয়ার দাফন সম্পন্ন করার পর বিকেলে ময়নাতদন্ত শেষে ছেলে উজ্জ্বল হোসেনের মরদেহটিও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেছিল। আইনি প্রক্রিয়া ও তদন্ত শেষে আজ শুক্রবার দুপুরে পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সময়ের আলো/টিএইচ