নেত্রকোনায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ফুচকাসহ ৪ চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে জেলা শহরে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সামনের চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- সুমন মিয়া (২৬), সামাদ আহম্মেদ তপু (২৯), ইয়াসিন (২৩) এবং আলম মিয়া (২৪)।
পুলিশ জানায়, চোরাচালান প্রতিরোধে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের পাশে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে একটি নীল রঙের পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামায় পুলিশ। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪২টি প্লাস্টিকের বস্তায় মোট ২ হাজার ১০০ কেজি (২ হাজার ১০০ প্যাকেট) ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। জব্দকৃত ফুচকার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত ১২ লাখ টাকা মূল্যের পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/মহু