হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবিহীন একটি বিমানের আসনের নিচ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা হয়েছে ৮০টি স্বর্ণের বার, যার মোট ওজন প্রায় ৯ কেজি ৩৩০ গ্রাম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইদুবাইয়ের এফজেড-৫২৩ ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।
কাস্টমস কর্মকর্তারা তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজের একটি আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট দেখতে পান। প্যাকেটটি খুলে ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।
কাস্টমসের প্রাথমিক হিসাবে, উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। বারগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে। শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে সেগুলো দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে কাস্টমস।
উদ্ধার করা সোনার বারগুলো বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে রাখা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী এগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান বলেন, স্বর্ণের চালানটির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা হয়েছে। একই সঙ্গে চালানটির উৎস ও এর সঙ্গে জড়িত সম্ভাব্য চোরাচালান চক্র শনাক্তে তদন্ত চলছে।
সময়ের আলো/এমকে