আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বসনিয়া ও হার্জেগোভিনার দীর্ঘদিনের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড এডিন জেকো। আগামী অক্টোবরে সুইডেনের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচটিই জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে।
২০০৭ সালের জুনে তুরস্কের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় জেকোর। এরপর বসনিয়ার হয়ে ১৫১টি ম্যাচ খেলেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ৭৩ গোল করে দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও এই ফরোয়ার্ড।
৪০ বছর বয়সী জেকো বর্তমানে জার্মানির বুন্দেসলিগার ক্লাব শালকের হয়ে খেলছেন। ২০১৪ সাল থেকে বসনিয়া ও হার্জেগোভিনাকে নেতৃত্ব দেওয়া এই তারকা সমর্থকদের কাছে ‘হীরা’ নামে পরিচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে জেকো বলেছেন, ৪০ বছর বয়স পর্যন্ত জাতীয় দলের হয়ে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন তিনি। দেশের হয়ে খেলার চেয়ে গর্বের আর কিছু হতে পারে না বলেও জানিয়েছেন এই ফরোয়ার্ড।
আগামী ২ অক্টোবর জেনিকায় সুইডেনের বিপক্ষে হবে জেকোর বিদায়ী ম্যাচ। শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সেই মুহূর্তে দর্শকদের উপস্থিত থেকে আবেগ ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন বসনিয়ার কিংবদন্তি এই ফুটবলার।
সময়ের আলো/টিকে