দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ, তেল ও গ্যাসের সংকটে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জোটের নেতারা। সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট প্রকট আকার ধারণ করেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাষ্ট্রে সংকীর্ণ দলীয়করণের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিল, তার এখনো পূর্ণ বাস্তবায়ন হয়নি। এসব সংকট নিরসন ও জনগণের ন্যায্য দাবি আদায়ের জন্যই ১১ দলীয় ঐক্য এই কর্মসূচি ঘোষণা করেছে।
ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক কর্মসূচি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেবেন। লংমার্চের সমাপনী উপলক্ষে আগামী শনিবার বিকেলে চট্টগ্রাম লালদিঘী ময়দানে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম মহানগর ও জেলার সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহছানুল্লাহ ভুঁইয়া, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরীসহ বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, নেজামে ইসলাম পার্টি, জাগপা, এলডিপি, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চট্টগ্রাম মহানগর শাখার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই