প্রধানমন্ত্রী ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে গাজীপুরে সিফাত আবদুল্লাহ (২০) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সিফাতের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। গ্রেফতার সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী এবং গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিকান্দরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত আবদুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে পোস্ট করে আসছিলেন। সম্প্রতি তার একটি ভিডিও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নজরে এলে তারা পুলিশকে জানান। এর ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।
সিফাতের ফেসবুক আইডিতে থাকা ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, তিনি মূলত বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। ভিডিওতে তিনি দাবি করেন, তার বাসায় আগের মাসের চেয়ে চলতি মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে।
সিফাতকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার মুক্তির দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাকর্মীরা গতকাল রাতে গাছা থানার সামনে অবস্থান নেন। পরবর্তীতে রাত দুইটার দিকে তারা থানা এলাকা ত্যাগ করেন।
এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান দাবি করেন, সিফাত জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং তিনি বিভিন্ন দলের কর্মকাণ্ডের সমালোচনা করতেন। তাকে অহেতুক গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি তার ফেসবুক আইডিতে সিফাতের দ্রুত মুক্তি দাবি করেন। এনসিপির নেতাকর্মীদের ভাষ্য, সিফাত সরকারের বিভিন্ন অনিয়ম ও বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়ে সোচ্চার ছিলেন।
সময়ের আলো/জোই