উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সিরিয়ার বিপক্ষে ৩–০ গোলে হারের পরই জোন্সকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে। বৃহস্পতিবার রাতে ই-মেইলে তাঁকে সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপর উজবেকিস্তানে বাংলাদেশ দলের অবস্থান করা হোটেল থেকেও তাঁকে সরিয়ে নেওয়া হয়েছে।
জোন্সের জায়গায় বাকি বাছাইপর্বে দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু। তাঁকে সহযোগিতা করবেন দলের ম্যানেজার সামিদ কাশেম। আজ স্থানীয় সময় বিকেল চারটায় মিশুর অধীনে রিকভারি সেশনে নামার কথা নাজমুল, আব্বাসদের।
বাছাইপর্বে বাংলাদেশের শুরুটা ছিল হতাশার। প্রথম দুই ম্যাচেই হেরেছে দল। কোনো ম্যাচেই গোল করতে পারেনি, বিপরীতে প্রতিপক্ষের জালে বল গেছে পাঁচবার। সিরিয়ার বিপক্ষে ৩–০ গোলের পরাজয়ে দলের আক্রমণভাগ ও কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে।
অবশ্য মাঠের ব্যর্থতার পাশাপাশি জোন্সকে ঘিরে বাফুফের অস্বস্তি আগে থেকেই ছিল। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেওয়ার পর তাঁর বিরুদ্ধে বেতন নিয়ে অভিযোগ উঠেছিল। ঢাকার টিম হোটেলে এক সহকারীর সঙ্গে হাতাহাতির ঘটনাতেও জড়িয়েছিলেন তিনি। পরিস্থিতি সামাল দিতে তখন হোটেলে পুলিশ পর্যন্ত ডাকতে হয়েছিল।
এরপরও উজবেকিস্তানের বাছাইপর্বে জোন্সকেই প্রধান কোচ করে পাঠিয়েছিল বাফুফে। কিন্তু মাঠে তাঁর অধীনে দলের পারফরম্যান্সে উন্নতির কোনো ছাপ দেখা যায়নি। টানা দুই হারের পর তাই বাছাইপর্ব শেষ হওয়ার আগেই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিল ফেডারেশন।
এখন মিশুর অধীনেই বাকি ম্যাচগুলো খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।
সময়ের আলো/টিকে