পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘মাত্র ৬ মাসে সব কাজ শেষ করার সুযোগ নেই- এটি বিরোধী দলের বোঝা উচিত।’
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরে পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা কৃষকদলের ব্যানারে এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘সরকারের দায়িত্ব নিয়েছি মাত্র ৬ মাস হয়েছে, এরমধ্যে সব কাজ শেষ হয়ে যায়নি। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কি হয়ে গেছে? বলার সুযোগ আছে? এটা তো বিরোধী দলের বোঝা উচিত। ৬ মাসের মাথায় উনারা লংমার্চ করবেন। আমরা ফটোসেশনের রাজনীতি করি না, ফটো শোয়ের রাজনীতিও করি না।’
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘২০ হাজার কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব। খাল পুনঃখননে কি সুবিধা পেতে পারি ইতোমধ্যে আমরা দেখছি, উপকারিতাও পাচ্ছি। তারেক রহমানের সেই তীক্ষ্ণ দৃষ্টি, দূরদর্শী চিন্তা থেকে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ আমরা হাতে নিয়েছি এবং শুরু করেছি।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।
সময়ের আলো/মহু