উজবেকিস্তানে বাংলাদেশের ভরাডুবির দায় কার?

ক্রীড়া ডেস্ক

খেলা

উজবেকিস্তানে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের এবারের অভিযানটা ভুলে যাওয়ার মতোই। টানা হার, গোলশূন্য পারফরম্যান্স আর মাঠের ভেতরে-বাইরের নানা অস্বস্তি মিলিয়ে দক্ষিণ

2026-09-04T17:05:51+00:00
2026-09-04T17:05:51+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
উজবেকিস্তানে বাংলাদেশের ভরাডুবির দায় কার?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম 
ছবি : সংগৃহীত
উজবেকিস্তানে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের এবারের অভিযানটা ভুলে যাওয়ার মতোই। টানা হার, গোলশূন্য পারফরম্যান্স আর মাঠের ভেতরে-বাইরের নানা অস্বস্তি মিলিয়ে দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নদের বিদায়টা হয়েছে হতাশাজনক। ব্যর্থতার পর ফুটবলারদের দিকে আঙুল তোলা সহজ। কিন্তু প্রশ্ন হলো, এই ব্যর্থতার দায় কি শুধুই তাদের?

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে একই গ্রুপে বাংলাদেশ, ভারত, সিরিয়া ও স্বাগতিক উজবেকিস্তান। মূল পর্বে ওঠার লড়াইটা যে কঠিন হবে, তা আগে থেকেই জানা ছিল। তাই প্রতিটি দলই নিজেদের প্রস্তুত করেছে পরিকল্পনা মেনে। ব্যতিক্রম শুধু বাংলাদেশ।

Advertisement
উজবেকিস্তানে আসার আগে ভারত খেলেছে চারটি শক্তিশালী প্রস্তুতি ম্যাচ। সিঙ্গাপুরের বিপক্ষে জোড়া জয় পাওয়ার পর ইয়েমেনের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে একটি জয় ও একটি ড্র নিয়ে বাছাইপর্বে এসেছে তারা। অর্থাৎ মূল লড়াই শুরুর আগেই নিজেদের সামর্থ্য যাচাইয়ের যথেষ্ট সুযোগ পেয়েছে ভারত।

সিরিয়াও পিছিয়ে ছিল না। প্রবাসে থাকা নয়জন ফুটবলারকে মূল দলের সঙ্গে মানিয়ে নিতে দুই দেশে ক্যাম্প করেছে তারা। এরপর খেলেছে চারটি অফিশিয়াল ম্যাচ। স্বাগতিক উজবেকিস্তানও প্রায় এক মাস তাশখন্দে কন্ডিশনিং ক্যাম্প করে নিজেদের প্রস্তুত করেছে। স্থানীয় শীর্ষ ক্লাবগুলোর বিপক্ষে কঠিন প্রস্তুতি ম্যাচ খেলে দলকে তৈরি করেছে তারা।

বাংলাদেশের প্রস্তুতির চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। বিদেশি ক্লাবে খেলা প্রবাসী ফুটবলারদের দলে অন্তর্ভুক্ত করেই যেন প্রস্তুতির বড় দায়িত্ব শেষ করে ফেলেছিল টিম ম্যানেজমেন্ট। ইন্দোনেশিয়ার বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল, সেটিও শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি। ফলে খেলোয়াড়দের পরখ ও দল গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাফুফের ভরসা ছিল মূলত স্থানীয় ক্লাব ফর্টিস এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ওপর।

এর সঙ্গে যোগ হয়েছিল মাঠের বাইরের অস্থিরতা। প্রধান কোচ জেরার্ড জোন্সের সঙ্গে স্থানীয় কোচিং স্টাফের দ্বন্দ্ব নিয়ে একের পর এক ঘটনা সামনে এসেছে। কোচিং স্টাফের এমন টানাপোড়েনে স্বাভাবিকভাবেই ড্রেসিংরুমের পরিবেশও উত্তপ্ত হয়ে উঠেছিল।


সবকিছু মিলিয়ে উজবেকিস্তানে বাংলাদেশের ব্যর্থতা শুধু মাঠের ৯০ মিনিটের গল্প নয়। যে দলকে একই গ্রুপের ভারত, সিরিয়া ও উজবেকিস্তানের সঙ্গে লড়তে হবে, তাদের প্রস্তুতির ক্ষেত্রেই যদি এত ঘাটতি থাকে, তাহলে শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সে তার ছাপ পড়াটাই স্বাভাবিক।

ফুটবলাররা অবশ্যই নিজেদের সামর্থ্য অনুযায়ী আরও ভালো করতে পারতেন। কিন্তু পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না পাওয়া, প্রতিশ্রুত ম্যাচ বাতিল হওয়া এবং দলীয় পরিবেশে অস্থিরতার দায় তাদের একার নয়। বরং এই ভরাডুবি আবারও প্রশ্ন তুলেছে বাফুফের পরিকল্পনা, প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে।

দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে এশিয়ার মূল মঞ্চে যাওয়ার স্বপ্ন নিয়ে উজবেকিস্তানে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সেই স্বপ্ন পূরণ তো হলোই না, বরং টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই কোচ পরিবর্তনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বাফুফেকে। এখন ব্যর্থতার দায় ফুটবলারদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার আগে নিজেদের প্রস্তুতির ব্যবস্থাপনাটাও একবার ফিরে দেখা দরকার।

সময়ের আলো/টিকে
  বিষয়:   উজবেকিস্তানে বাংলাদেশের ভরাডুবির দায় কার? 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: