গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়ায় এক ফার্মেসি ব্যবসায়ীকে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে নির্যাতন এবং তার স্ত্রী প্রতিবাদ করতে গেলে তাকে লাঞ্ছিত ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা হিসেবে পরিচিত ফজলুল হক রোমান ওরফে ‘ভাইরাস রোমান’-এর বিরুদ্ধে। একই ঘটনায় ওই ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও উঠেছে।
ভুক্তভোগী মো. আতিকুল ইসলাম (৩৫) মাওনা উত্তরপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি মাওনা উত্তরপাড়া ডেকু গার্মেন্টসের সামনে সরকার মার্কেটে ওষুধ ও বিকাশের ব্যবসা করেন।
আতিকুল ইসলাম বলেন, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে এক নারী তার দোকানে এসে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই হার্টের ওষুধ চান। ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ দিতে অস্বীকৃতি জানালে ওই নারী বিষয়টি ফজলুল হক রোমানকে জানায়। পরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রোমানের ভাতিজা জাহিদের মাধ্যমে তাকে মাওনা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তার কার্যালয়ে ডেকে নেওয়া হয়।
তিনি অভিযোগ করে বলেন, সেখানে যাওয়ার পর তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে লোহার পাইপ দিয়ে তার দুই পা ও ঊরুতে এলোপাতাড়ি মারধর করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা তাকে সেখানে আটকে রেখে দফায় দফায় নির্যাতন করা হয়েছে।
আতিকুলের অভিযোগ, তার সঙ্গে থাকা ওষুধ এবং বিকাশ ব্যবসার মূলধনের ৫০ হাজার টাকা জোর করে নিয়ে নেওয়া হয়। পরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
ভুক্তভোগী আরও বলেন, তাকে আটকে রাখার খবর পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এ সময় তার স্ত্রী বিষয়টির প্রতিবাদ করতে গেলে তাকেও লাঞ্ছিত ও শ্লীলতাহানি করা হয়েছে বলে তিনি জানতে পারেন।
পরে আতিকুলের বড় ভাই মো. শফিকুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাকে উদ্ধার করেন। এরপর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা করেন।
অভিযুক্ত ফজলুল হক রোমান ওরফে ‘ভাইরাস রোমান’ মাওনা উত্তরপাড়া গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
এদিকে, অভিযুক্ত ফজলুল হকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এ ঘটনায় গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার বলেন, তার অফিসে থাকা আসবাবপত্র বের করে দিয়ে ব্যক্তিগত কার্যালয়টি পরিত্যক্ত ঘোষণা করে তালা লাগানো হয়েছে।
ঘটনার পর ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী মো. আতিকুল ইসলাম শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে ফজলুল হক রোমান ওরফে ‘ভাইরাস রোমান’সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে ফজলুল হক রোমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ফজলুল হকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আতা